মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শীতার্তদের পাশে ‘চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স’

  • আপলোড তারিখঃ ০২-০১-২০২৬ ইং
শীতার্তদের পাশে ‘চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স’

নতুন বছরের প্রথম দিনটি উৎসবের আনন্দে নয়, মানবতার সেবায় উদ্যাপন করেছে সামাজিক সংগঠন ‘চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স’। কনকনে শীত ও ঘন কুয়াশায় যখন চুয়াডাঙ্গার জনজীবন বিপর্যস্ত, তখন অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। গতকাল বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গা উপজেলার কেশবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। বছরের প্রথম দিনে নতুন কম্বল ও শীতের কাপড় পেয়ে অনেক বয়োবৃদ্ধ ও দুস্থ মানুষের মুখে হাসি ফুটে ওঠে।


অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও ‘চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স’-এর সভাপতি আসলাম হোসেন। এসময় তিনি বলেন, ‘আমরা চাই বছরের শুরুটা হোক ত্যাগ ও মানবতার মাধ্যমে। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ যদি একজন শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে পারে, সেটিই আমাদের সার্থকতা।’ তিনি আরও বলেন, সংগঠনের পরবর্তী লক্ষ্য চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় পায়ে চালিত রিকশা-ভ্যান চালক ও বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা। তীব্র শীতে এসব শ্রমজীবী ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ হাসান তুরাবী, সহ-সম্পাদক আনোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ‘চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স’ দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমে সক্রিয় রয়েছে। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সংগঠনটি ডিবেট ক্লাব, আইটি টিম, ব্লাড সেন্টার, রিসার্চ প্ল্যাটফর্ম এবং লিডারশিপ প্রোগ্রামসহ মোট পাঁচটি খাতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী