আলমডাঙ্গার প্রমীলা ফুটবলারদের জার্সি ও ট্রাউজার উপহার প্রদান করেছেন আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া। জার্সি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার রতন সাহা, মতিয়ার রহমান, আমিনুল ইসলাম লিন্টু, শেখ শফিউল্লাহ মহন, তরিকুল জোয়ার্দার, সাদ্দাম খান, আলমডাঙ্গা টিমের ফুটবল কোচ ও রেফারি সোহাগ আলীসহ ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা।
জার্সি বিতরণকালে ইকবাল হোসেন মিয়া বলেন, এলাকার ক্রীড়ার মানোন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমেই সুস্থ ও শক্তিশালী যুব সমাজ গঠন সম্ভব। তাই সবাইকে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ ও তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, আলমডাঙ্গা ফুটবল মাঠে স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। এতে খেলোয়াড়দের মধ্যে এক ধরনের হতাশা দেখা দিয়েছে। চুয়াডাঙ্গা জেলার অন্যান্য উপজেলায় স্টেডিয়াম নির্মাণ হলেও দুঃখজনকভাবে আলমডাঙ্গায় এখনো হয়নি। বিষয়টি দ্রুত বাস্তবায়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
প্রমীলা ফুটবলারের মাঝে জার্সি প্রদান করায় কোচ সোহাগ আলী ইকবাল হোসেন মিয়াকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের প্রমীলা ফুটবলাররা ইতোমধ্যে বিভিন্ন জায়গায় খেলার নৈপুণ্য প্রদর্শন করে কৃতিত্ব অর্জন করেছে। ক্রীড়ার মানোন্নয়নে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই।
আলমডাঙ্গা অফিস