বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় নাম, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের আপসহীন নেত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি। নেত্রীর প্রয়াণ দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে একটি বিশাল শূন্যতা সৃষ্টি করেছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে শোক পতাকা উত্তোলন করা হয়। নেতা-কর্মীরা নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করেন, এবং প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম বদরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
নেতৃবৃন্দের বক্তব্যে বলা হয়, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না- তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তাঁর সাহসিকতা, ত্যাগ ও আপোষহীন নেতৃত্ব বিএনপি ও দেশের কোটি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, স্বৈরাচার, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তাঁর সংগ্রাম দেশের জন্য এক শক্তিশালী প্রেরণা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন মহান নেত্রীকে হারিয়েছে, কিন্তু তাঁর কর্ম, আদর্শ ও ত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। নেতারা শোক প্রকাশের পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আদর্শ ও শিক্ষাকে সামনে রেখে অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রতিবেদক হাটবোয়ালিয়া