মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বেওয়ারিশ কুকুরের আতঙ্ক

  • আপলোড তারিখঃ ৩০-১২-২০২৫ ইং
আলমডাঙ্গায় বেওয়ারিশ কুকুরের আতঙ্ক

আলমডাঙ্গা উপজেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব ও ভয়াবহ আক্রমণে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিনে উপজেলার মাদ্রাসাপাড়া, লক্ষ্মীপুর, বগাদী ও আসাননগর গ্রামে শিশু, নারী, বৃদ্ধ ও পথচারীসহ একাধিক ব্যক্তি কুকুরের কামড়ে গুরুতর আহত হয়েছেন। এতে এলাকাজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে আলমডাঙ্গার লক্ষ্মীপুর গ্রামে রইচ উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ বেওয়ারিশ কুকুরের আক্রমণে মারাত্মকভাবে আহত হন। একইভাবে গত রোববার বগাদী গ্রামে এক পথচারী কুকুরের কামড়ে আহত হন। চলতি মাসের শুরুতে আলমডাঙ্গা শহরের মাদ্রাসাপাড়ায় জারিফ নামের এক শিশুর পিঠে কামড় বসায় একটি বেওয়ারিশ কুকুর।
বিশেষ করে আসাননগর গ্রামে নাজমা নামের এক নারীর ওপর কুকুরের বর্বর আক্রমণের ঘটনা এলাকাবাসীকে স্তব্ধ করে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুরটি তার শরীর থেকে মাংস তুলে নেওয়ার মতো ভয়াবহভাবে আক্রমণ করে। এসব ঘটনার ফলে কোমলমতি স্কুলগামী শিশুরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, অনেক অভিভাবক সন্তানদের একা বাইরে যেতে দিচ্ছেন না।


এলাকাবাসী জানান, ২০১৪ সালে আদালতের নির্দেশে কুকুর নিধন বন্ধ হওয়ার পর থেকে সারা দেশে বেওয়ারিশ কুকুরের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। পরবর্তীতে ২০১৯ সালের প্রাণী কল্যাণ আইনে কুকুর নিধন ও অপসারণ নিষিদ্ধ করা হলেও বিকল্প ব্যবস্থা হিসেবে যে ভ্যাক্সিনেশন বা টিকাদান কর্মসূচির কথা বলা হয়েছিল, বাস্তবে তার কোনো কার্যকর বাস্তবায়ন দেখা যাচ্ছে না।


ফলে একদিকে জলাতঙ্ক রোগের ঝুঁকি বাড়ছে, অন্যদিকে কুকুরের আকস্মিক আক্রমণে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রাণনাশের শঙ্কায় দিন কাটাচ্ছে। ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, নীতিনির্ধারকরা নিরাপদ থাকলেও রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষই প্রশাসনিক ব্যর্থতার সবচেয়ে বড় ভুক্তভোগী। স্থানীয় সচেতন মহল মানবজীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত আক্রমণাত্মক কুকুর অপসারণ, নিয়মিত টিকাদান কার্যক্রম চালু এবং বাস্তবসম্মত ও কার্যকর নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন। তারা সতর্ক করে বলেন, এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এই উদাসীনতা ভবিষ্যতে আরও বড় কোনো মানবিক বিপর্যয়ের কারণ হতে পারে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী