দর্শনা সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানো ১৪ জন ভারতীয় নাগরিককে কড়া প্রতিবাদ জানিয়ে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বিজিবি। গতকাল রোববার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে ৪৭ বিজিবির তত্ত্বাবধানে তাদের ফেরত পাঠানো হয়। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, আন্তর্জাতিক সীমান্ত আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন করে বিএসএফ ওই ১৪ জন ভারতীয় নাগরিককে দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে। এ ঘটনায় বিজিবি তাৎক্ষণিকভাবে আপত্তি জানিয়ে কড়া অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে ভারতের বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী প্রেমপাল সিংয়ের উপস্থিতিতে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।
তিনি আরও বলেন, বিজিবির মোহাম্মদপুর কোম্পানি কমান্ডার এবং বিএসএফের জলংগী কোম্পানি কমান্ডারের সমন্বয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৪ জনকে সীমান্ত দিয়ে পুশব্যাক করা হয়।
বিজিবি ও পুলিশ সূত্র জানাযায়, গত শনিবার গভীর রাতে তীব্র শীত, ঘন কুয়াশা ও অন্ধকারের সুযোগ কাজে লাগিয়ে ভারতের নদীয়া জেলার সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ সদস্যরা তাদের দর্শনা সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে ঠেলে দেয়। পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু ছিল। পুশইনের পর তারা দর্শনা হল্ট স্টেশনের কাছে একটি গাছের নিচে অবস্থান নিতে বাধ্য হন। প্রচণ্ড শীত ও দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে তারা চরম দুর্দশায় পড়লে স্থানীয়দের নজরে বিষয়টি আসে। পরে রাত সাড়ে ১০ টার দিকে খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ও দর্শনা বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরিচয় ও ঠিকানা নিশ্চিত করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তারা ভারতের উড়িষ্যা প্রদেশের জগেশ্বরপুর জেলার বাসিন্দা। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন, গুলশান বিবি (৯০), শেখ জব্বার (৭০), আলকুম বিবি (৬৫), শেখ উকিল (৪০), সাবেরা বিবি (৩৫), শাকিলা খাতুন (১১), শেখ হাকিম (৪৫), সামসেরি বিবি (৪০), শেখ রাজা (৩০), মেহেরুন বিবি (২৫), নাসরিন পারভিন (১২), শেখ তৌহিদ (১১), শেখ রহিদ (০২) ও শেখ বান্টি (২৮)। দর্শনা থানার ওসি মেহেদি হাসান জানান, উদ্ধারকৃত ১৪ জনের নাম ও পরিচয় যাচাই করে বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়।
নিজস্ব প্রতিবেদক (দর্শনা অঞ্চল)