চুয়াডাঙ্গায় ছোট-বড় অসংখ্য জলমহাল থাকায় প্রতিবছর শীত মৌসুমে দেশীয় পাখির পাশাপাশি অগণিত অতিথি ও পরিযায়ী পাখির আগমন ঘটে। এই সুযোগে এক শ্রেণির অসাধু চক্র পাখি শিকার, হত্যা, ক্রয়-বিক্রয় ও পাচারে লিপ্ত হয়ে পড়ছে, যা প্রাকৃতিক ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি। এ অবস্থার প্রতিবাদ ও বন্যপ্রাণি সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ গতকাল রোববার থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১০টি ইউনিয়নব্যাপী পাখি শিকার বন্ধে জনসচেতনতামূলক প্রচারণার শুভ উদ্বোধন করেছে।
গতকাল সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বর থেকে প্রচারণা কার্যক্রম শুরু হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা, সংগঠনের উপদেষ্টা ও চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মানি খন্দকার, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাজাহানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা বলেন, বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। জীববৈচিত্র্য রক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম। পাখিসহ সকল বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে, নতুবা মানুষের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। তাই পাখি ও বন্যপ্রাণী হত্যা বন্ধে জনসচেতনতা অত্যন্ত জরুরি। এসময় সংগঠনের সদস্য নীরব, রিগান, জিসান, সুয়াইব, রুবাই, সিফাত, নিশানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।