চুয়াডাঙ্গার গড়াইটুপি এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে রাতের আঁধারে সঙ্ঘবদ্ধ চোরচক্র হানা দিয়ে ৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি করেছে। গত শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার অন্তর্ভুক্ত গড়াইটুপি বাজারপাড়ার মৃত কুদ্দুস হাজির ছেলে ব্যবসায়ী হাসান আলীর বড় ভাই হাজি হারুন গত শনিবার দুপুরে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। বাদ এশা জানাজা অনুষ্ঠিত হওয়ার সময় পরিবার-পরিজনসহ সবাই জানাজা ও মৃতের বাড়িতে অবস্থান করায় হাসান আলী নিজ বাড়িতে তালা দিয়ে সেখানে যান। এই সুযোগে রাতের কোনো এক সময় সঙ্ঘবদ্ধ চোরচক্র ফাঁকা বাড়িতে প্রবেশ করে ওয়ারড্রবের তালা ভেঙে ৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায়।
বাড়ির মালিক হাসান আলী জানান, জানাজা শেষে এক আত্মীয় বাড়িতে প্রবেশ করলে শব্দ শুনে সিঁড়িঘর দিয়ে দুই থেকে তিনজনকে পালিয়ে যেতে দেখেন। চোরেরা শুধু স্বর্ণালঙ্কার নিয়েছে, অন্য কোনো মালামাল নেয়নি বলেও তিনি জানান। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। ঘটনার পর স্থানীয় তিতুদহ পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত করেন বলে জানা গেছে।
প্রধান সম্পাদক