আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামে এক ইতালি প্রবাসীর স্ত্রীর বিয়ের দাবিতে অনশনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে ওই নারী স্থানীয় এক যুবকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করলে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
জানা গেছে, কেদারনগর গ্রামের প্রবাসী ফরিদের ছেলে রিফাতের সঙ্গে ভেদামারি গ্রামের ওই নারীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ওই নারী নিজেকে ইতালি প্রবাসীর স্ত্রী বলে দাবি করলেও, রিফাতের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে তিনি তাকে বিয়ে করার দাবিতে রিফাতের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন।
খবর পেয়ে ওই নারীর বাবা, মা ও মামা রিফাতের বাড়িতে এসে তাকে মারধর করে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে ওই নারী কোনোভাবেই বাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্বজনরা তাকে ঘটনাস্থলেই রেখে চলে যান।
এদিকে ঘটনাটি জানাজানি হলে রিফাতের বাড়িতে গ্রামবাসীর ভিড় জমে যায়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে রিফাত ওই নারীকে সঙ্গে নিয়ে বাড়ির আশপাশের এলাকায় আত্মগোপনে চলে যান বলে জানা গেছে।
ঘটনাকে ঘিরে এলাকায় নানা গুঞ্জন, উদ্বেগ ও আলোচনা চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সমীকরণ প্রতিবেদক