খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় সংগঠক মোতালেব শিকদার গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটে তার মাথায় গুলি করলে স্থানীয়রা দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে সিটি স্ক্যানের জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনার পর চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সীমান্ত এলাকায় কড়া নজরদারি জোরদার করেছে। মেইন পিলার ৭৫/৩-এস থেকে ১৩১/৮-আর পর্যন্ত প্রায় ১১৩ কিলোমিটার সীমান্তে ব্যাপক তল্লাশি ও টহল কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং কাঁটাতারবিহীন এলাকাগুলো কার্যত সিলগালা করা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, হামলাকারীরা যাতে সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দর্শনা আইসিপি ও সীমান্তসংলগ্ন বিভিন্ন বিওপিতে সকাল থেকেই যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে।
সমীকরণ প্রতিবেদক