চুয়াডাঙ্গায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটায় ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে চুয়াডাঙ্গার জেলা প্রশাসনের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস ও পরিদর্শক (প্রসিকিউটর) মো. নাইম হোসেনসহ র্যাব-১২, জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন, চুয়াডাঙ্গা এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, চুয়াডাঙ্গার সহযোগিতায় এই অভিযান চালানো হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী-২০১৯) লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত পরিচালিত ভ্রাম্যমান আদালতের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বর্ণিত আইন লঙ্ঘন করে অবৈধভাবে ১২০ ফুট (ফিক্সড) চিমনির ৩টি ইটভাটা স্কেভেটর দিয়ে আংশিক গুড়িয়ে দেওয়া হয়েছে ও ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ২টি জিগজ্যাগ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে যেসব ইটভাটাকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো- আলমডাঙ্গার কয়রাডাঙ্গার মেসার্স কেডিবি ব্রিকসের মালিক মো. মশিউর রহমানকে ৫ লাখ টাকা জরিমানা, আলমডাঙ্গা বগাদির মেসার্স টিআরর ব্রিকসের মালিক গিয়াস উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা, আলমডাঙ্গার কুলপালার মেসার্স কুলপালা ব্রিকসের মালিক মেহেদী খানকে ৪ লাখ টাকা জরিমানা, চুয়াডাঙ্গা সদরের ভালাইপুরের মেসার্স এসবিএম-১ ব্রিকসের মালিক মো. জিল্লুর রহমানকে ৫ লাখ টাকা জরিমানা এবং চুয়াডাঙ্গা সদরের ভালাইপুরের মেসার্স এসবিএম-২ ব্রিকসের মালিক মো. আকতার হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
সমীকরণ প্রতিবেদন