ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি এবং সাম্প্রতিক পত্রিকা অফিস ভাঙচুরের ঘটনা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবিতে দর্শনা প্রেসক্লাবের উদ্যোগে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দর্শনা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ইকরামুল হক পিপুল।
সভায় বক্তারা বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তি হত্যার ঘটনা নয়, বরং এটি দেশ, রাষ্ট্র ও গণতান্ত্রিক চেতনাকে দুর্বল করার ষড়যন্ত্র। তারা বলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হওয়ায় হাদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জনমনে প্রশ্ন উঠেছে। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে পত্রিকা অফিস ভাঙচুর, সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির ঘটনা বেড়ে চলেছে, যা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য চরম হুমকি। অবিলম্বে সাংবাদিক নিরাপত্তা আইন কার্যকর, দোষীদের বিচারের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
সভা থেকে ঐক্যবদ্ধভাবে ঘোষণা করা হয়, সাংবাদিকদের ওপর যেকোনো হামলা ও নির্যাতনের বিরুদ্ধে দর্শনা প্রেসক্লাব সবসময় সোচ্চার থাকবে এবং প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে। আলোচনা শেষে শহিদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ওসমান আলী, সাংবাদিক আহসান হাবীব মামুন, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহমেদ রয়েল, ফরহাদ হোসেন, আব্দুল হান্নান, সুকোমল চন্দ্র দাস বাঁধনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক (দর্শনা অঞ্চল)