মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
আলমডাঙ্গা থানার পৃথক স্থানে পুলিশের বিশেষ অভিযান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২১-১২-২০২৫ ইং
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের ভাংবাড়ীয়া ও বাড়াদী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তারা তিনজন খাদিমপুর ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা মামলার আসামি।


গ্রেপ্তারকৃতরা হলেন- বগাদী গ্রামের মৃত জব্বার আলী বিশ্বাসের ছেলে কার্যক্রম নিষিদ্ধ ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবার রহমান (৭২), খোরদ গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে ভাংবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়াদুদ আলী (৫০) ও বাড়াদী ইউনিয়নের অনুপনগর গ্রামের মৃত মোয়াজ্জেম আলীর ছেলে বাড়াদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শরিয়ত আলী (৫৫)।
জানা যায়, খাদিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মহাসীন আলী বাদী হয়ে ২০২৪ সালের ১০ নভেম্বর ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।


মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বেলা সাড়ে তিনটায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসূচি থাকায় মহাসিন আলীসহ ৩০-৪০ জন বিএনপি নেতা-কর্মী পদযাত্রায় অংশগ্রহণের জন্য যাচ্ছিলেন। খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের হায়দার মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা, মারপিট করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ৫টি মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল বলেন, অভিযান চালিয়ে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে তাদের সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী