আলমডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি ও এলাকার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব আইয়ুব আলী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালের খবরে আলমডাঙ্গা পৌরসভাসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। দলীয় নেতা-কর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা তার বাসভবনে ভিড় করেন শেষ শ্রদ্ধা জানাতে। গতকাল শুক্রবার বাদ জুম্মা আলমডাঙ্গা কলেজপাড়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, পৌরসভার সাবেক মেয়র এম. সবেদ আলী, বিএনপি নেতা শহীদুল কাউনাইন টিলু, শেখ সাইফুল ইসলাম, আখতার জোয়ার্দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, সাবেক কাউন্সিলর নাসির উদ্দীনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে আলমডাঙ্গা জান্নাতুন নাঈম কবরস্থানে তাকে দাফন করা হয়।
আইয়ুব আলী দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে ছিলেন সক্রিয় ও নিবেদিতপ্রাণ। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক কাজেও তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে জানান স্থানীয়রা। তার মৃত্যুতে বিএনপির স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ভ্রাম্যমান প্রতিবেদক,আলমডাঙ্গা