মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় এলজিইডি অফিসের গোডাউনে দুঃসাহসিক চুরি

জানালার গ্রিল কেটে সাইকেলসহ মালামাল চুরি
  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২৫ ইং
দামুড়হুদায় এলজিইডি অফিসের গোডাউনে দুঃসাহসিক চুরি

দামুড়হুদা উপজেলা চত্বরে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসের গোডাউনের জানালা ভেঙে বাইসাইকেলসহ বিপুল পরিমাণ লোহাজাতীয় মালামাল চুরির ঘটনা ঘটেছে। গত ৯ ডিসেম্বর দিবাগত রাতে অজ্ঞাতনামা চোরেরা গোডাউনের পিছনের দিকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এই চুরি করা হয়। এ ঘটনায় এলজিইডি অফিসের সিও আব্দুল হালিম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৩৭০/১০/১২/২৫) করেছেন।


জিডি সূত্রে জানা গেছে, ৮ ডিসেম্বর বিকেল ৫টার দিকে অফিসের কর্মচারীরা প্রতিদিনের মতো সবকিছু তদারকি শেষে অফিস ত্যাগ করেন। পরদিন ৯ ডিসেম্বর বেলা ১১টার দিকে অফিসের সিও ও সুপারভাইজার মো. আশিকুর রহমান স্টোররুম খুলে দেখতে পান, ভেতরের দরজার তালা ভাঙা এবং পিছনের জানালার গ্রিল কাটা। এসময় গোডাউন থেকে ৪৮টি কোদাল, ২৬টি দরমুজ, ১৬টি কাঁচি, ২৪টি দা, ২০টি ছাতা, ২০টি ট্রলি, ৫টি বাইসাইকেল, ৬টি ওয়াটার বালতি, ৫টি হাসুয়া, ৩২টি কলস, ২টি বেলচা, ৮টি অ্যালুমিনিয়াম গামলা, ৮টি ফার্স্ট এইড বক্সসহ বিপুল পরিমাণ লোহার মালামাল চুরি হয়ে গেছে।


এ বিষয়ে এলজিইডি অফিসের সিও আব্দুল হালিম বলেন, অফিস ছুটির সুযোগে অজ্ঞাতনামা চোরেরা পরিকল্পিতভাবে এই চুরি করেছে। ৮ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ৯ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে যেকোনো সময় চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে থানায় সাধারণ ডায়েরি করেছি।


উপজেলা চত্বরে নিরাপত্তা থাকা সত্ত্বেও এমন চুরির ঘটনায় সাধারণ মানুষের মাঝে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা বলছেন, উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ স্থানে যদি এভাবে চুরি হয়, তাহলে অন্যান্য এলাকায় নিরাপত্তা পরিস্থিতি কতটা ঝুঁকিপূর্ণ তা সহজেই অনুমেয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবা উদ্দিন বলেন, ‘চুরির ঘটনাটি আমাদের জানানো হয়েছে। চুরির ঘটনায় সাধারণত মামলা হয়। আমরা তাদের মামলা করার পরামর্শ দিয়েছি। মামলা হলেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী