মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গড়াইটুপির বিত্তিরদাড়িতে বৈদ্যুতিক শট সার্কিটে অগ্নিকাণ্ড

বসতভিটা পুড়ে ছাই, ৩ লাখ টাকার ক্ষতি
  • আপলোড তারিখঃ ১৮-১২-২০২৫ ইং
গড়াইটুপির বিত্তিরদাড়িতে বৈদ্যুতিক শট সার্কিটে অগ্নিকাণ্ড

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের বিত্তিরদাড়ি গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক হকারের বসতভিটা সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিত্তিরদাড়ি গ্রামের মৃত আহমদ আলীর বড় ছেলে বিল্লাল হোসেনের বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ অর্থসহ প্রয়োজনীয় সব সামগ্রী পুড়ে যায়। বিল্লাল হোসেন পেশায় ভাঙারি ও হকারি ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী আব্দুস সাত্তার জানান, হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখে গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা একত্রিত হয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনায় বাড়ির পাশে থাকা গরু ও ছাগলগুলো রক্ষা করা গেলেও বসতঘর ও ঘরে থাকা সবকিছু পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত বিল্লাল হোসেন বলেন, ‘আমি খুবই গরিব মানুষ। অনেক কষ্ট করে সংসার চালাই। পরনের কাপড় ছাড়া আমার আর কিছুই নেই। উপার্জনের একমাত্র ভ্যানটিও আগুনে পুড়ে গেছে।’

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে বিল্লাল হোসেন একটি এনজিও থেকে এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকাসহ ঘরের ভেতরে থাকা সবকিছু আগুনে পুড়ে গেছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী