রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ডোবা পুকুরে মিলল বৃদ্ধের লাশ

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০২৫ ইং
দামুড়হুদায় ডোবা পুকুরে মিলল বৃদ্ধের লাশ

দামুড়হুদা উপজেলা গেটের বিপরীত পাশে একটি পরিত্যক্ত ডোবা পুকুর থেকে এক বৃদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে স্থানীয়রা ডোবা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তি উপজেলার বদনপুর গ্রামের মৃত বিশারত আলীর ছেলে কামাল উদ্দিন (৭৫)। মরদেহ উদ্ধারের পর তার মেয়ে ফাতেমা খাতুন ঘটনাস্থলে এসে বাবার মরদেহ শনাক্ত করেন।


পারিবারিক সূত্রে জানা যায়, কামাল উদ্দিন দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ১৫ বছর আগে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অবসরের পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝে মাঝে তিনি বাড়ি থেকে বের হয়ে কয়েকদিন নিখোঁজ থাকতেন এবং পরে ফিরে আসতেন। জীবিকার তাগিদে তিনি প্লাস্টিকের বোতল সংগ্রহ করেও চলাফেরা করতেন।
নিহত কামাল উদ্দিন গত মঙ্গলবার আসরের নামাজের পর থেকে নিখোঁজ ছিলেন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা থানায় এসে মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তিনি ৬ ছেলে ও ১ মেয়েসহ মোট ৭ সন্তানের জনক।


পুলিশ জানায়, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। স্থানীয়দের মতে, পুকুরটি অত্যন্ত গভীর এবং এতে প্রচুর কচুরিপানা রয়েছে। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে গিয়ে ডুবে থাকতে পারেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবির এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন। এছাড়া পিবিআই ও সিআইডির সদস্যরাও ঘটনাটি তদন্ত করছেন।


এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ারুল কবির বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত