বেশি দামে সার-বীজ বিক্রয় ও লাইসেন্স নবায়ন না করার অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
গতকাল বুধবার বেলা ২টার দিকে আটকবর এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকির সময় এ জরিমানা করা হয় বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
এর মধ্যে লাইসেন্স নবায়ন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় হাজিরা খাতুনের মালিকানাধীন ‘মায়া বেকারীকে’ ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বেশি দামে ও অবৈধভাবে সার-বীজ বিক্রয় এবং লাইসেন্স নবায়ন না থাকায় একই আইনের ৪৩ ধারায় আশরাফুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স মদিনা ট্রেডার্স-কে জরিমানা করা হয় ২৫ হাজার টাকা। এতে সর্বমোট ৩২,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ ও বীজ বিক্রয় থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদস্যরা।
সমীকরণ প্রতিবেদক