অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে চুয়াডাঙ্গা সদর উপজেলায় এক ডিলারকে ৫০ হাজার টাকা এবং ক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। জানা গেছে, সদর উপজেলার পাঁচমাইল এলাকার একজন সরকারি বিএডিসি সার ডিলার অবৈধ উপায়ে আলমডাঙ্গার বলেশ্বরপুর এলাকার তাওহীদ হোসেন নামে এক ব্যক্তির কাছে ডিএপি ১১ বস্তা ও এমওপি ৯ বস্তা সার বিক্রি করেন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিএডিসি সার ডিলারকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে, অবৈধ উপায়ে সার ক্রয় করার অপরাধে ক্রেতা তাওহীদ হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা ছাড়াও আদালত সিদ্ধান্ত নেয় যে জব্দকৃত সারগুলো ন্যায্যমূল্যে কৃষকের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান।
নিজস্ব প্রতিবেদক