কুষ্টিয়ায় সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণে নাগরিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কুষ্টিয়া শহরের খেয়া রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করে সুজন ও বিএনএন, কুষ্টিয়া জেলা কমিটি এবং সহযোগিতা করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুজন কুষ্টিয়া জেলা সভাপতি অধ্যাপক আবু হেনা বাবলু এবং সঞ্চালনায় ছিলেন সুজন কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাদশা। সভায় অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, জেলা সমন্বয়কারী মো. গিয়াস উদ্দিন, কুষ্টিয়া পিএফজি সমন্বয়কারী শফিকুল ইসলাম এবং বিএনএন কুষ্টিয়ার সভাপতি আফরোজা রুমা।
সভায় অংশগ্রহণ করেন সুজনের সাবেক সাধারণ সম্পাদক আশিফ ইকবাল, ওয়াইপিএফজি সমন্বয়কারী সাদিক হাসান রোহিদসহ জেলার বিভিন্ন উপজেলার সদস্যবৃন্দ। পাশাপাশি সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়। একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন কেবল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; বরং এতে নাগরিক সমাজ, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।
তারা আরও বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠা ও রক্ষা করতে নাগরিকদের সচেতন ও সংগঠিত ভূমিকা অপরিহার্য। তরুণ ও নতুন ভোটারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা তৈরি হয় না।
সভা থেকে উত্থাপিত সুপারিশসমূহ-১. নির্বাচন কমিশনের পূর্ণ স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা। ২. ভোটার তালিকা হালনাগাদ ও স্বচ্ছ ব্যবস্থাপনা জোরদার করা। ৩. নির্বাচনী সহিংসতা ও অনিয়ম রোধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ। ৪. তরুণ ও নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সচেতনতামূলক কর্মসূচি জোরদার। ৫. নাগরিক সমাজ ও গণমাধ্যমের অবাধ ও কার্যকর ভূমিকা নিশ্চিত করা। ৬. রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা ও সংলাপের সংস্কৃতি গড়ে তোলা।
নিজস্ব প্রতিবেদক