রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো দুই দিনব্যাপী রাফেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট

হাড্ডাহাড্ডি ফাইনালে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা ব্যাডমিন্টন একাডেমি

সমাজের কল্যাণে যারা ভালো উদ্যোগ নেবেন, তাদের সাধুবাদ জানাবো : শরীফুজ্জামান
  • আপলোড তারিখঃ ১৪-১২-২০২৫ ইং
হাড্ডাহাড্ডি ফাইনালে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা ব্যাডমিন্টন একাডেমি

খেলার উত্তেজনা ও দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল ভিক্টোরিয়া জুবিলি (ভি জে) সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। মধ্যরাত পেরিয়েও মাঠজুড়ে ছিল শতশত দর্শকের ভিড়। এমন প্রাণবন্ত পরিবেশেই চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো দুই দিনব্যাপী রাফেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট। গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। খেলার প্রতিটি পয়েন্টে দর্শকদের করতালি আর উল্লাসে মাঠ যেন রীতিমতো উৎসবস্থলে পরিণত হয়।


১৬টি টিমের অংশগ্রহণে নকআউট ভিত্তিতে শুরু হওয়া টুর্নামেন্টে কঠিন লড়াই পেরিয়ে সেমিফাইনালে ওঠে চারটি দল। সেমিফাইনাল শেষে ফাইনালে মুখোমুখি হয় চুয়াডাঙ্গা ব্যাডমিন্টন একাডেমি ও শাহীন সিল্কহাউজ পোড়াদহ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চুয়াডাঙ্গা ব্যাডমিন্টন একাডেমি। রানার্সআপ হয় শাহীন সিল্কহাউজ পোড়াদহ এবং তৃতীয় স্থান অর্জন করে সাহা ব্যাডমিন্টন ক্লাব।


খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চুয়াডাঙ্গার কৃতী সন্তান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক।


প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘দীর্ঘদিন পর আমাদের মুক্তিপাড়া ও পুরাতন হাসপাতাল পাড়ায় খেলাধুলার এমন উৎসব ফিরে এসেছে। এতে এলাকার মানুষ, বিশেষ করে তরুণরা খুব আনন্দিত। সমাজ পরিবর্তনের লক্ষ্যে আমরা মাদক ও মোবাইলের প্রতি শিশুদের আসক্তি কমিয়ে তাদের খেলাধুলার দিকে উৎসাহিত করতে চাই। নিজেদের সন্তানদের খেলামুখী করে গড়ে তুলব, যাতে ভবিষ্যতে আমাদের এই পাড়া থেকেই কেউ জাতীয় পর্যায়ে খেলোয়াড় হিসেবে উঠে আসতে পারে।’


তিনি আরও বলেন, ‘শুধু ব্যাডমিন্টন নয়, সামনে ফুটবল, ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলার আয়োজন করা হবে। যারা খেলতে চায়, যারা খেলোয়াড় হতে চায়, তাদের পাশে আমরা সবসময় থাকব। আজ সবার মধ্যে যে উদ্দীপনা ও আগ্রহ দেখেছি, তা দেখে আমি সত্যিই খুব খুশি হয়েছি। আশা করি, এই উদ্দীপনা শুধু খেলাধুলায়নয়, সমাজের সব ভালো কাজেও আপনারা ধরে রাখবেন। সমাজের কল্যাণে যারা ভালো উদ্যোগ নেবেন, আমরা তাদের সাধুবাদ জানাবো এবং সব ধরনের সহযোগিতা করব। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।’


বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বলেন, ‘আজ আমরা সবাই মিলে দারুণ সময় কাটিয়েছি। মুক্তিপাড়া আজ আবার জেগে উঠেছে এবং এই জাগরণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ঠিক যেমন আশির দশকে আমরা জেগে উঠেছিলাম, তেমনভাবেই আজ মুক্তিপাড়ায় নতুন প্রাণ ফিরে এসেছে।’ তিনি আরও বলেন, ‘আজকের খেলায় অংশ নেওয়া সবাই দারুণ খেলেছে। খেলায় হার-জিত থাকবেই। সামনে আমরা আরও বড় পরিসরে এমন আয়োজন করতে চাই। আমরা মাদককে না বলে খেলাধুলার দিকে মনোযোগ দিতে চাই।’


নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আমার দুই ছেলে আজ এই খেলা খুব উপভোগ করেছে। আমিও দর্শক হিসেবে এতটাই উত্তেজিত ছিলাম যে চিৎকার করতে করতে গলা ভেঙে গেছে। সিঙ্গাপুর থেকে এসে এই টুর্নামেন্ট আমরা সত্যিই উপভোগ করেছি।’


অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ব্যাডমিন্টন একাডেমির অভি ও রিয়াদের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকার চেক তুলে দেন শরীফুজ্জামান শরীফ। রানার্সআপ দল শাহীন সিল্কহাউজ পোড়াদহের রাকিব ও রাব্বির হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। তৃতীয় পুরস্কার হিসেবে সাহা ব্যাডমিন্টন ক্লাবের জারিকুল ও রুদ্রর হাতে ১০ হাজার টাকা তুলে দেন অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু। এছাড়া খেলায় পাঁচজন সেরা দর্শক নির্বাচন করে তাদের পুরস্কৃত করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রাফেল স্মৃতি সংঘের সহসভাপতি হামিদ উদ্দীন বাবু। বিশেষ অতিথি আলহাজ্ব সাহিদুজ্জামান টরিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রাফেল স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুক্তা।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভি জে) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. জেসমিন আরা খাতুন, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও জেলা জজকোটের্র পিপি অ্যাড. মারুফ সারোয়ার বাবু, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ স ম আব্দুর রউফ, ভি জে স্কুলের শিক্ষক লিটন মিয়া, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক  সেলিমুল হাবিব সেলিম, রাফেল স্মৃতি সংঘের সভাপতি ফারুক হোসেন, সহসভাপতি হামিদ উদ্দীন বাবু, হাফিজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন ওজ্জামান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন শেখসহ রাফেল স্মৃতি সংঘের সদস্যবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সদস্যসচিব সুমন পারভেজ খান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস মহলদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইমুজ্জামান মিশা, রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, মক্কী, সিরাজ, কোরবান প্রমুখ। খেলা পরিচালনা এবং রেফারি ছিলেন রাসেল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুহুল আমীন ও মাজেদুল আলম মেহেদী।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত