ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপত্র ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও ঝিনাইদহে পৃথক কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চুয়াডাঙ্গা:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ছাত্র-জনতার আয়োজনে চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে জুলাই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে চুয়াডাঙ্গা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক বলেন, ‘আপনারা জানেন যে, জুলাই যোদ্ধা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, এই প্রজন্মকে গুলি করে থামিয়ে দেওয়া যাবে না। আমরা জুলাই বিপ্লবে দেখেছি এবং এই বিপ্লবকে যারা ব্যর্থ করতে চায়, তাদের আমরা বিচার চাই। একের পর এক জুলাই যোদ্ধাদের আক্রমণ করা হচ্ছে, কিন্তু প্রশাসন নিশ্চুপ। আমরা দ্রুত এ হামলার বিচার চাই।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক তুষার ইমরান বলেন, ‘গত এক বছরের মধ্যে যেই তরুণ ছেলেটি তার বক্তব্যের মাধ্যমে, তার সত্য উচ্চারণের মাধ্যমে বাংলার মানুষের মনে জায়গা করে নিয়েছে, সে হলো ওসমান হাদি। তার কণ্ঠস্বর ছিল বাঙালি মুসলমানের কণ্ঠস্বর, তার কণ্ঠস্বর ছিল ভারতীয় আধিপাত্যের বিরুদ্ধের কণ্ঠস্বর। আজকে ওসমান হাদির ওপর যে হামলা হয়েছে, এই হামলা আমাদের মনে করিয়ে দিলো জুলাই বিপ্লব এখনো শেষ হয়নি। ঘরে ফিরে যাওয়ার সময় এখনো হয়নি। হাদির ওপর হামলার দাঁতভাঙা জবাব যদি প্রশাসন দিতে না পারে, তবে আমরা মনে করব- এই প্রশাসন মেরুদণ্ডহীন প্রশাসন।’
এসময় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সিয়াম হোসেন মুগ্ধর সঞ্চালনায় আরও বক্তব্য দেন এনসিপি নেতা সোহেল পারভেজ, জুবায়ের হোসেন, এবি পার্টির চুয়াডাঙ্গা জেলা সভাপতি আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদর উপজেলা সদস্যসচিব ফাহিম উদ্দিন মভিন। বক্তব্য শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক তুষার ইমরানের পরিচালনায় ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সলিমিন হোসাইন সোহাগ, আশিক ইকবাল, আবু তালহা, নাসিম বিশ্বাস, রিফাত, মাফুজ, শাওন, ফাহাদ, বিপ্লব, নাজমুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ছাত্র নেতারা।
আলমডাঙ্গা:
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আলমডাঙ্গায় গণতান্ত্রিক সংস্কার জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে শহরের আলিফ উদ্দিন মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ৭১ স্তম্ভ মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় আলিফ উদ্দিন মোড়ে এসে সমবেত হয়।
বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সহসম্পাদক রাকিব মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন এবি পার্টির মুসাব ইবনে শাফায়েত এবং এনসিপির পক্ষ থেকে সালেহিন কাউনাইন (সামাউন)। বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলা গণঅভ্যুত্থান ও দেশের গণতান্ত্রিক শক্তির ওপর হামলার শামিল। তারা আরও বলেন, এবি পার্টি, এনসিপি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গঠিত জোট গণঅভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবে এবং ওসমান হাদির বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। দোয়া মাহফিলের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কার্যক্রম শেষ হয়। এসময় আরও উপস্থিত ছিলেন কামরুল হাসান কাজল, আরিফুল ইসলাম তুহিন, পার্থিব হাসান, রেজওয়ান ফাহিম, হাসান, শাকিবসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঝিনাইদহ:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জোট। গতকাল শুক্রবার রাতে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি নাঈম মাহমুদ, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আরিফ বিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্যসচিব আশিকুর রহমান জীবনসহ অন্যান্যরা বক্তব্য দেন। বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
সমীকরণ প্রতিবেদন