বন্যপ্রাণি সংরক্ষণে সচেতনতা বাড়াতে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হলো মেছো বিড়াল সংরক্ষণে ব্যতিক্রমী পথসভা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়িয়া বাজারে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের উদ্যোগে পথসভাটি অনুষ্ঠিত হয়। ‘মেছো বিড়াল কৃষকের অকৃত্রিম বন্ধু’- এই বার্তা সামনে রেখে আয়োজিত পথসভায় প্রধান অতিথি ছিলেন সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও প্রকৌশলী মনিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যার প্রভাষক এবং বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি আহসান হাবীব শিপলু।
পথসভায় বক্তারা বলেন, মেছো বিড়াল শুধু বনজ প্রাণী নয়, কৃষকের মাঠ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইঁদুরসহ ক্ষতিকর প্রাণী নিয়ন্ত্রণে মেছো বিড়ালের অবদান অপরিসীম। এ কারণে এটি পরিবেশ ও কৃষি- দুই ক্ষেত্রেই বড় বন্ধু।
সভাপতি আহসান হাবীব শিপলু জানান, একটি মেছো বিড়াল তার ১০ বছরের জীবনে প্রায় ৫০ লাখ টাকার ফসল ক্ষতির হাত থেকে কৃষকদের রক্ষা করে। বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী মেছো বিড়াল সংরক্ষিত প্রাণি। মেছো বিড়াল হত্যা, আটক, ক্রয়-বিক্রয়- সবই দণ্ডনীয় অপরাধ। এর সাজা সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা। এসময় সংগঠনের সদস্য বায়জিদ, রিয়াজুদ্দিন, নীরব, ইয়াছিন, মিশাল, ফারদিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।