সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশ চুয়াডাঙ্গা টিমের উদ্যোগে মারকাজুস সুন্নাহ একাডেমির ৩০ জন এতিম শিক্ষার্থীর মাঝে শীতের পোশাক বিতরণ করা হয়েছে। শীতের শুরুতেই অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশ ন্যাশনাল কাউন্সিলের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মো. মুশফিকুর রহমান। তিনি বলেন, ‘সমাজের প্রতিটি স্তরে মানবিক উদ্যোগ ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। শীতের এই সময়ে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’
এই কার্যক্রমে চুয়াডাঙ্গা টিমের সক্রিয় ভলেন্টিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের মধ্যে সুমন সরদার, মাসুদ ইমন, জাহিদ নাভেদ, জুনাইদুর রহমান, মাহিন বিল্লাহ, আপন, মেজবাউর রহমান, রাফিন, শাফিন ও অর্ণক উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। মারকাজুস সুন্নাহ একাডেমির শিক্ষকরা বলেন, ‘এতিম শিক্ষার্থীরা শীতকালে অনেক কষ্ট ভোগ করে। এই শীতবস্ত্র তাদের কষ্ট অনেকটা লাঘব করবে।’
সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা জানান, শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে এবং ধাপে ধাপে আরও সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। আয়োজকরা মনে করেন, যুবসমাজের মানবিক কাজে সম্পৃক্ততা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমীকরণ প্রতিবেদক