রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুন্সিগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে শরীফুজ্জামান

মানুষের দুঃখ-কষ্ট লাঘব করাই আমাদের রাজনীতির উদ্দেশ্য
  • আপলোড তারিখঃ ১০-১২-২০২৫ ইং
মুন্সিগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে শরীফুজ্জামান

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আসরের নামাজের পর জেহেলা ইউনিয়ন বিএনপির আয়োজনে মুন্সিগঞ্জ পানের হাটে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেহেলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেদুজ্জা মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামের এক প্রতীক। দেশনেত্রীর অবস্থা দেখে আমরা উদ্বিগ্ন। আমরা আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করছি। আজকের এই দোয়া মাহফিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। দেশের মানুষ জানে, অন্যায়ভাবে তাকে কারাবন্দি করা হয়েছিল, তার চিকিৎসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়েছিল। তবুও তিনি ধৈর্য ধরে আছেন দেশের মানুষের জন্য।’


তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায়, চায় জনগণের অধিকার প্রতিষ্ঠা হোক। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দেশের জন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি আন্দোলন করছে। আমি চুয়াডাঙ্গা-১ আসনের মানুষকে আশ্বস্ত করতে চাই- আমরা কাউকে ভয় দেখিয়ে, ক্ষমতার দম্ভে নয়; জনগণের ভালোবাসায় রাজনীতি করতে চাই। সামনে যে নির্বাচন হবে, তা যেন সত্যিকারের জনগণের ভোটে হয়- এটাই আমাদের লক্ষ্য।’


শরীফুজ্জামান শরীফ বলেন, ‘চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার মানুষ আজ নানামুখী সংকটে আছে- দাম বৃদ্ধি, বেকারত্ব, ন্যায়বিচারের সংকট, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়া, স্বাস্থ্যসেবার অভাব, এসব সমস্যা সমাধানে আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। বিএনপি জনগণের পাশে আছে, থাকবে। জনমানুষের দুঃখ-কষ্ট লাঘব করাই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য। মাঠে জনগণের যে ঢল আমরা দেখছি, তা প্রমাণ করে মানুষ আর অন্ধকারে থাকতে চায় না; তারা পরিবর্তনের পথ খুঁজছে।’


তিনি বলেন, ‘আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা দেশের পক্ষে, মানুষের পক্ষে। আমাদের রাজনীতির ভিত্তি প্রতিহিংসা নয়, সেবা। বেগম খালেদা জিয়া সবসময় বলেছেন শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র- এ তিন বিষয়ের ওপর দাঁড়িয়েই বাংলাদেশ এগোতে পারে। আজ আমরা সেই পথেই হাঁটছি।’


শেষে তিনি সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের ঐক্যই আমাদের শক্তি। সামনে কঠিন সময় আসবে, কিন্তু আমরা ভয়ের কাছে হার মানব না। শান্তিপূর্ণ-গণতান্ত্রিক আন্দোলনকে আরও সুসংগঠিত করতে হবে। মানুষের ঘরে ঘরে যেতে হবে, তাদের কথা শুনতে হবে। দেশের এই সংকটময় সময়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা-কর্মীর দায়িত্ব আরও বেড়ে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেহেলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান আলা, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক স্বরাজ, জেলা যুবদলের সদস্য শমসের আলী সমে, ইউনিয়ন যুবদল নেতা আবিদ, রুবেল মেম্বার, রনি, আবু সাইদসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ জেহেলা ইউনিয়ন সাধারণ মানুষ। দোয়া মাহফিল পরিচালনা করেন সোনাতন জামে মসজিদের পেশ ইমাম আতিয়ার রহমান।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত