‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, জীবননগর ও ঝিনাইদহে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫। গতকাল মঙ্গলবার সরকারি কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এতে অংশ নিয়ে দুর্নীতিকে ‘না’ বলার অঙ্গীকার ব্যক্ত করেন।
চুয়াডাঙ্গা:
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস। দিবসটি উপলক্ষে স্থানীয় প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) যৌথভাবে কর্মসূচি গ্রহণ করে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা কালেক্টরেট চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জেলার প্রধান সড়কে একটি প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দুর্নীতিকে 'না' বলার প্রত্যয় ব্যক্ত করেন। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে দুর্নীতির ভয়াবহতা তুলে ধরে বলেন, আগামী প্রজন্মের জন্য একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে তারুণ্যের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের প্রতিপাদ্য সেই বার্তাই দেয়। তিনি আরও বলেন, একজন মানুষ অনিয়ম, বৈষম্য, এগুলো শেখে কোথা থেকে, এগুলো সাধারণ শেখেই ঘর থেকে। বাচ্চাদের প্রথম শিক্ষা হয় মায়ের কাছ থেকে তারপর বাবা, এরপর ধীরে ধীরে সকলের থেকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, দুর্নীতিটা বিশ্বব্যাপী রয়েছে কোথাও কম কিংবা কোথাও বেশি। আমরা মানুষ, আমরা সঠিক পথে শতভাগ নেই। যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই উদ্দেশ্য কিন্তু এখনো আমরা বাস্তবায়ন করতে পারিনি। আমাদের দেশে বিভিন্ন সেক্টরে দুর্নীতি বিদ্যমান। ব্যক্তি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে সকল পর্যায়ে দুর্নীতি মাত্রা খুব বেশি। এই মাত্রা কীভাবে কমানো যায়, আমাদের সেই কাজগুলোই করতে হবে। চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, চুয়াডাঙ্গা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সোহেলী রশিদ, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা তাসলিম আহমদ চৌধুরি, জেলা শিক্ষা অফিসার জেসমিন আরা খাতুন, দুর্নীতি দমন কমিশনের ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বজলুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর কামরুজ্জামান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম অর্ক প্রমুখ।
আলমডাঙ্গা:
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বো আগামীর শুদ্ধতা এবং রুখতে দুর্নীতি, গড়বো দেশ-হবে সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে থেকে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রোভার স্কাউটস, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি ও সাধারণ নাগরিকদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বসু এবং সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহকারী অধ্যাপক একেএম ফারুক। অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আলহাজ্ব লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহমুদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার উদয় রহমান, ওসি (তদন্ত) আসগার আলী প্রমুখ। এছাড়াও বক্তব্য দেন হারদী এমএস জোহা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বণিক সমিতির সভাপতি আফরিন মিয়া মিলন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুন হোসেন, আইসিটি কর্মকর্তা স্নিগ্ধা দাস, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ড. মাহবুবুর রহমান প্রমুখ। সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন প্রধান শিক্ষক ফজলুল হক।
জীবননগর:
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর বিশুদ্ধতা, রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে নানা আয়োজনে জীবননগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ জেলা কার্যালয় ও জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জীবননগর উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. শাহীনুর হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাব, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, জীবননগর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, জীবননগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, সমবায় অফিসার নুর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা দুর্নীতি প্রতিরোধ করতে যার যার জায়গা থেকে কাজ করার জন্য বলেন। এ বিষয়ে আগে নিজেরা সচেতন থেকে তারপর অন্যদের সচেতন করার পরামর্শ দেন। দুর্নীতি প্রতিরোধ করতে সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত করার কথা বলেন।
ঝিনাইদহ:
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে এ দিবস পালিত হয়। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের পরিবেশনের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এসময় জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। পরে দিবস উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দুদকের আঞ্চলিক কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, দুদকের উপপরিচালক তরুণ কান্তি ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরাসহ অন্যান্যরা বক্তব্য দেন।
সমীকরণ প্রতিবেদন