বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু বলেছেন, ‘জনগণের পক্ষে আমরা সর্বদা কাজ করে যাবো। সৎ ইচ্ছে শক্তি ও কঠিন পরিশ্রম দ্বারা দলকে সামনের দিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টায় মাঠে কাজ করে যাচ্ছি। এছাড়া আমাদের দলীয় নেতা-কর্মীরা ইতিমধ্যে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে শুরু করেছে। তার প্রমাণ আজকের এই জনশক্তি।’
গতকাল সোমবার বেলা সাড়ে তিনটা থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের পথসভায় তিনি এসব কথা বলেন। এদিন পর্যায়ক্রমে ইউনিয়নের ৯টি স্থানে পথসভা করেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবু। এদিন পথসভায় বিভিন্ন দল থেকে ১৩ জন প্রধান অতিথি বাবু খানের হাতে হাত রেখে বিএনপিতে যোগদান করেন।
জেলা বিএনপির সভাপতি বলেন, ‘আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মভীরু আমরা, কিন্তু আমরা ধর্মান্ধ না, একই সাথে ধর্ম নিয়ে আমরা কোনো ব্যবসা করতে চায় না। একেবারে পরিষ্কার বিষয়। ধর্মকে ব্যবহার করে আমরা রাজনীতি করতে চায় না। এটাই বিএনপির রাজনীতি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বারবার সংগ্রাম করেছেন দেশের মানুষের অধিকারের জন্য। দেশের সার্বভৌমত্বের জন্য।’
চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান বলেন, ‘আমরা অতীতে সেকল প্রতিশ্রুতি দিয়েছি, অধিকাংশই পালন করেছি। আমরা কখনোই বলি নাই যে, যা প্রতিশ্রুতি দিয়েছি ১০০ শতাংশ পূরণ করা হয়েছে। আমরা যা প্রতিশ্রুতি দিই, অধিকাংশ পূরণ করার চেষ্টা করি।’
বিজিএমইএর সভাপতি বলেন, ‘আপনাদের দাবির ভেতরে নাই, কিন্তু আমরা যেটা বলি- সেটা হচ্ছে কৃষির উন্নয়ন। অত্র অঞ্চলে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় করা হলো আমাদের প্রতিশ্রুতি। সেটা আমরা করব। আমরা আরও একটি প্রতিশ্রুতির কথা বলি, যেটা হচ্ছে নতুন ধারণা, যেই ধারণা অত্র অঞ্চলে নাই সেটা হচ্ছে এই, মোবাইল হাসপাতাল। এখান থেকে অনেক দূরে হয়তো হাসপাতালে যেতে হবে। কিন্তু মৌলিক যে পরীক্ষা, সেগুলো বাসের মধ্যে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থার থাকবে। সেই বাসটি ইউনিয়ন থেকে ইউনিয়ন ঘুরাঘুরি করবে। যারা প্রয়োজন মনে করেন, একেবারে প্রান্তিক পর্যায়ের জনগণ এই হাসপাতালগুলোতে যেয়ে পরীক্ষা-নিরীক্ষাগুলো করাতে পারবেন। সেই উদ্যোগ আমরা নেব।’
বাবু খান বলেন, ‘ধানের শীষের প্রতি আপনাদের অতীতে সমর্থন যেভাবে ছিল, আমরা চায় সেইভাবে ধানের শীষের প্রতি আপনাদের সমর্থন অব্যাহত থাকবে। একটি সুন্দর বাংলাদেশ আমরা উপহার দেব।’
পথসভায় উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক আহম্মদ আলী, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দর্শনা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম যুদ্ধ, সিনিয়র সহসভাপতি আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম, প্রচার সম্পাদক আদম মিয়া, গড়াইটুপি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ওসমান আলী, সাধারণ সম্পাদক আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম, গড়াইটুপি ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি রুবেল হোসেন, গড়াইটুপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন হোসেন, দেলোয়ার হোসেন, সোলাইমান হকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
সমীকরণ প্রতিবেদক