খুলনা বিভাগীয় স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৫ এ চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি ৩য় ও ৭ম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে জায়গা করে নিয়েছে। কারিগরি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিচর্চাকে আরও এগিয়ে নিতে গত ৬ ডিসেম্বর খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৭টি উদ্ভাবনী প্রকল্প প্রতিযোগিতায় অংশ নেয়। সেখান থেকে সেরা ৭টি প্রকল্প জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য মনোনীত হয়।
সেখানে চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ তাদের দুটি প্রকল্পের মাধ্যমে ৩য় ও ৭ম স্থান অর্জন করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করে। চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. হালিম মাহমুদ ভূঁইয়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের নিকট হতে সম্মামনা পুরস্কার গ্রহণ করেন।
আগামী ২৭ ডিসেম্বর ২০২৫, ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৫। সেখানে খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করবে নির্বাচিত সেরা উদ্ভাবনী প্রকল্পগুলো।
সমীকরণ প্রতিবেদন