২০২৫-২৬ মাড়াই মৌসুমে একর প্রতি সর্বোচ্চ ৫৭ মেট্রিক টন আখ উৎপাদন করে টানা চতুর্থ বার সেরা আখ চাষির পুরস্কার পেয়েছেন জীবননগর উপজেলার উথলী গ্রামের শামিম হোসাইন। কেরু অ্যান্ড কোম্পানির পূর্ব সবজোনের ৫ নম্বর ইউনিটে আখ চাষ করে এই সম্মাননা লাভ করেন তিনি। গতকাল শুক্রবার বিকেলে কেরু অ্যান্ড কোম্পানির চলতি মৌসুমে আখ মাড়াই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের হাত থেকে সম্মাননা স্মারক নেন তিনি।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান।
সেরা আখ চাষি শামিম হোসাইন বলেন, ৫ নম্বর ইউনিটের সিডিএ সাকি মাহমুদ, সাব-জোন প্রধান মহফুজুর রহমান রতনসহ কেরু অ্যান্ড কোম্পানির কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় ঈশ্বরদী ৪৮ জাতের আখ চাষ করি। আখের সঠিক পরিচর্যা ও সময় মতো সার প্রয়োগের মাধ্যমে ভালো ফলন সম্ভব হয়েছে।
প্রতিবেদক উথলী