ঐতিহ্যবাহী দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির চিনিকলে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের আখ মাড়াই মৌসুম। মিল কর্তৃপক্ষ জানিয়েছে, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বিকেল চারটায় মিলাদ মাহফিলের মাধ্যমে নতুন মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, ২০২৫-২৬ মাড়াই মৌসুমে ৬৮ দিনে ৭৬ হাজার মেট্রিক টন আঁখ মাড়াইয়ের পরিকল্পনা করা হয়েছে। রিকভারি হার ৫.৬০ ধরা হলে মোট ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগের বছরের মতো এ মৌসুমও সফলভাবে শেষ করতে চাই। প্রয়োজনীয় প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি।’
চাষীদের জন্য বিশেষ নির্দেশনায় তিনি বলেন, ‘অবশ্যই মরা পাতা ছাঁটা পরিষ্কার আখ মিল গেটে সরবরাহ করবেন। ডিজিটাল পুজি ও আখ বিক্রয়ের টাকা চাষীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেয়ে যাবেন।’ তিনি আরও বলেন, চলতি রোপণ মৌসুমে সার ও কীটনাশকের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং চাষীদের বেশি করে আখ রোপণের আহ্বান জানান।
আধুনিকায়ন করা মিল এ বছর চালু হবে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আপাতত কিছু বলতে পারছি না।’ মিলের ভেতর ও আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং করা, যন্ত্রপাতি ধোয়া-মোছার কাজ ইতোমধ্যে শেষ করা হয়েছে। কোনো প্রতিবন্ধকতা না থাকলে আজ নির্ধারিত সময়েই কেরু চিনিকলের মাড়াই মৌসুম শুরু হবে বলে তিনি জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান। উপস্থিত থাকবেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এবং পুলিশ সুপার মনিরুল ইসলাম। এছাড়া স্থানীয় কৃষক প্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা অনুষ্ঠানে যোগ দেবেন।
দর্শনা অফিস