চুয়াডাঙ্গা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে তারা ৬-০ গোলের বড় ব্যবধানে চুয়াডাঙ্গা সরকারি কলেজকে হারায়। পুরো ম্যাচে পৌর ডিগ্রি কলেজের ফরোয়ার্ড ও ১০ নম্বর জার্সিধারী জীবন ছিলেন দাপুটে। তিনি একাই করেন ৪ গোল। নাছরুল ও প্রান্ত একটি করে গোল যোগ করেন। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফর্ম দেখানো জীবন মোট ১৩ গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। তার চারটি হ্যাটট্রিক ছিল সবার আলোচনায়। ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি পান ‘প্লেয়ার অব দ্য ফাইনাল’ পুরস্কারও।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মিনহাজুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-নাঈম।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মাহমুদুল হক পল্টু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা সুলতানা, কলেজের শিক্ষকবৃন্দ, জেলা ফুটবল কর্তৃপক্ষের কর্মকর্তারা এবং স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বেরা। সংক্ষিপ্ত আলোচনার পর চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন মুন্সীগঞ্জ নিগার সিদ্দিক কলেজের সুমন।
দলটির দাপুটে শিরোপা জয়ে গভর্নিং বডির সভাপতি মাহমুদুল হক পল্টু খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পুরো আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা, আর ফাইনালের ধারাভাষ্য ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ইসলাম রকিব।
নিজস্ব প্রতিবেদক