মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় এক সপ্তাহে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শৈত্যপ্রবাহের শঙ্কা!
  • আপলোড তারিখঃ ০৫-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় এক সপ্তাহে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে

চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত এক সপ্তাহে জেলার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি কমে নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। ডিসেম্বরের শুরুতেই হিমেল বাতাস, কুয়াশা আর কনকনে শীতের প্রভাবে জনজীবনে দুর্ভোগ বাড়তে শুরু করেছে।


চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, ২৮ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। পরদিন ২৯ নভেম্বর তা দাঁড়ায় ১৫.২ ডিগ্রি এবং ৩০ নভেম্বর ১৪.৭ ডিগ্রি। ডিসেম্বরের ১ ও ২ তারিখে তাপমাত্রা ছিল যথাক্রমে ১৪.৭ ও ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর ৩ ডিসেম্বর নেমে আসে ১৩.৭ ডিগ্রিতে এবং গতকাল ৪ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে দাঁড়ায় ১২.২ ডিগ্রি সেলসিয়াসে।


ভোর থেকেই ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে শীতের প্রকোপ বাড়ছে। বিশেষ করে সকালে বের হওয়া স্কুলপড়ুয়া শিশু ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ চোখে পড়ার মতো। কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচলেও ধীরগতি দেখা যাচ্ছে।


চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, ‘আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। তাপমাত্রা যদি ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে থাকে, তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হালকা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।’


এদিকে, শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যাও। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, শিশুদের মধ্যে ডায়রিয়া ও রোটা ভাইরাসজনিত রোগের প্রবণতা বাড়ছে। বয়স্কদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত রোগের উপসর্গ বেড়েছে। তিনি বলেন, ‘বেশিরভাগ রোগীই বহিঃবিভাগে চিকিৎসা নিচ্ছেন। ওয়ার্ডে রোগীর চাপ এখনো স্বাভাবিক থাকলেও পরিস্থিতি নজরে রাখা হচ্ছে।’
এছাড়া স্বাস্থ্য বিভাগ শিশু ও বয়স্কদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পর্যাপ্ত গরম কাপড় ব্যবহার, সকালে কুয়াশার সময় অপ্রয়োজনে বাইরে না বের হওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে তেল নিয়ে বিবাদ, বৈষম্যবিরোধী কর্মীকে পিটিয়ে হত্যার জেরে