রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সরকারি স্কুলের শিক্ষকদের কর্মবিরতি, ‘পরীক্ষা হবে না, পরীক্ষা হবে’

নোটিশ পরিবর্তনে পরীক্ষার্থীদের মধ্যে হতাশা-ক্ষোভ
  • আপলোড তারিখঃ ০৪-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় সরকারি স্কুলের শিক্ষকদের কর্মবিরতি, ‘পরীক্ষা হবে না, পরীক্ষা হবে’

চুয়াডাঙ্গার সরকারি স্কুলগুলোতে শিক্ষকদের চার দফা দাবিতে কর্মবিরতির ফলে বার্ষিক পরীক্ষা স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হঠাৎ পরীক্ষা বাতিলের নোটিশ দেওয়ায় অনেকে বিষয়টি জানতে না পেরে নির্ধারিত সময়েই কেন্দ্রে এসে ফিরে যেতে বাধ্য হয়। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গত ১ ডিসেম্বর তাদের ফেসবুক পেজে পরীক্ষা বাতিলের নোটিশ দেয়। ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ও ৩০ নভেম্বর পরীক্ষা স্থগিতের নোটিশ প্রকাশ করে। অনেক শিক্ষার্থীর মোবাইল ফোন না থাকায় খবরটি সময়মতো জানতে পারেনি তারা। ফলে পরীক্ষা দিতে এসে হতাশ হয়ে ফিরে যায়।


এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করে লেখে, ‘শিক্ষকদের আন্দোলনের কারণে আমাদের পরীক্ষা আটকে রাখা কতটা যুক্তিযুক্ত? এতে পড়ার মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে।’ গত ২ ডিসেম্বর রাতে আবারও চুয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় ও ভি জে স্কুল ফেসবুকে নতুন নোটিশ দিয়ে জানায়, ৩ ডিসেম্বর পরীক্ষা নির্ধারিত তারিখেই নেওয়া হবে, তবে সকাল ১০টার বদলে ১১টায়। কয়েক ঘণ্টার মধ্যে নোটিশ পরিবর্তন করায় শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে মানসিক চাপ তৈরি হয়।


পরের দিন গতকাল বুধবার সকালে ভিক্টোরিয়া জুবিলি স্কুলের সামনে শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের প্রতিবাদে বিক্ষোভে নামে। কেউ পরীক্ষার হলে না গিয়ে মাঠে অবস্থান নেয়। এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্যাররা পরীক্ষা নিয়ে ছেলেখেলা করছেন। কখনো বলেন পরীক্ষা হবে, কখনো বলেন হবে না। এতে আমরা দোটানায় পড়ে যাচ্ছি। স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে হবে।’


এক অভিভাবক বলেন, ‘সন্ধ্যায় নোটিশ পেলাম পরীক্ষা নেই, রাতে বলা হলো পরীক্ষা হবে। এটা কেমন ব্যবস্থা? ফোনে জানালেও পারত।’ পরিস্থিতি উত্তপ্ত হলে বিদ্যালয়ের শিক্ষকরা এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করে।


চুয়াডাঙ্গা সরকারি ভিক্টোরিয়া জুবিলি (ভি জে) উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জেসমিন আরা খাতুন বলেন, ‘আমরা কেন্দ্রের সিদ্ধান্ত অনেক পরে পেয়েছি। সিদ্ধান্ত আসার পরই ফেসবুকে জানিয়েছি। আন্দোলনের কারণে ১, ২ ও ৩ ডিসেম্বর পরীক্ষা না নেওয়ার কথা ছিল, তবে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়েছে।’ অন্যদিকে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিস্থিতি ছিল শান্ত। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নেয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত