আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে তৃণমূল নেতা-কর্মীদের সাথে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আবুল হাসনাত মো. শাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনে প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। সভা শেষে গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের কাছে শুধু একটি নির্বাচন নয়- এটি জনগণের ন্যায়বিচার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশকে সঠিক পথে ফিরিয়ে নেওয়ার সংগ্রাম। ধানের শীষ জাতীয়তাবাদী শক্তির প্রতীক। তৃণমূলের নেতা-কর্মীরাই আমাদের প্রকৃত শক্তি। আপনারা যদি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকেন, জনগণের কাছে সত্য তুলে ধরেন, তাহলে এই আসনে বিজয় নিশ্চিত।’
তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমরা ক্ষমতায় যেতে চাই প্রতিশোধ নিতে নয়, জনগণের অধিকার ফিরিয়ে দিতে। দেশের অর্থনীতি, কৃষক, শ্রমিক, ছাত্র- সবার ভবিষ্যৎ রক্ষার জন্যই আমরা লড়ছি।’
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে শরীফুজ্জামান বলেন, ‘আমাদের আসহীন দেশনত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা এবং মুক্তি শুধু বিএনপির দাবি নয়, এটি ন্যায় ও মানবাধিকারের দাবি। তাঁর জন্য আপনাদের দোয়া ও সমর্থন আমাদের আন্দোলনে শক্তি যোগাবে।’ শেষে তিনি আসন্ন নির্বাচনে নেতা-কর্মীদের শৃঙ্খলা, ঐক্য ও ধৈর্য্য বজায় রেখে মাঠে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের আহ্বায়ক মওলানা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া স্বপন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সিনিয়র সহসভাপতি আল-মামুন হোসেন, সাংগঠনিক হামিদুর রহমান, সাধারণ সম্পাদক শাহ কলম ও যুগ্ম সম্পাদক রাজা হোসেন।
এছাড়া আলমডাঙ্গা উপজেলার ১৫টি ইউনিয়ন ওলামা দলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সুপার ফাইভ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নিজস্ব প্রতিবেদক