সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নাগদাহে ধানের শীষের প্রচারণায় জনতার উচ্ছ্বাস, পথসভায় শরীফুজ্জামান

অবহেলা-বঞ্চনার কথা তুলে ধরে পরিবর্তনের অঙ্গীকার
  • আপলোড তারিখঃ ৩০-১১-২০২৫ ইং
নাগদাহে ধানের শীষের প্রচারণায় জনতার উচ্ছ্বাস, পথসভায় শরীফুজ্জামান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণায় আরও জোর দিচ্ছে বিএনপি। এর অংশ হিসেবে গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের গ্রামেগঞ্জে গণসংযোগ, পথসভা ও মতবিনিময়ে ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। বিকেল সাড়ে চারটার দিকে বলিয়ারপুর বাজারের মোড় থেকে তাঁর গণসংযোগ শুরু হলে বাজারের দোকান, হাটের পাশ, চায়ের টং, সবখানে মানুষের কৌতূহল জমে ওঠে। সাধারণ ভোটার, কৃষক, দোকানি, তরুণ- সবার ভিড়ের মধ্যেই ধীরগতিতে এগোয় প্রচারণার দল। ধানের শীষের ব্যানার, স্লোগান আর হাতের মাইক যেন গ্রামজুড়ে নির্বাচনের উত্তাপ ছড়িয়ে দেয়।


সন্ধ্যা নামার সাথে সাথে দলটি পৌঁছায় নাগদাহ, ভেদামাড়ি, জোড়গাছা হয়ে ভোলারদাড়ি গ্রামে। প্রতিটি গ্রামে শরীফুজ্জামান শরীফ বাড়ির উঠানে, রাস্তার মোড়ে, কখনো দোকানের সামনে দাঁড়িয়ে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার এই প্রচারণায় তাঁর সঙ্গে ছিলেন জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।


পথসভায় বক্তব্য দিতে গিয়ে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘এই অঞ্চলের মানুষ বহু বছর ধরে অবহেলিত। রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, কৃষকের উৎপাদন খরচ বেড়েছে, তরুণেরা কাজের অভাবে হতাশ। চুয়াডাঙ্গা-১ আসনের জনগণ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, নিজের মত প্রকাশের স্বাধীনতা চায়। ধানের শীষ শুধু আমাদের প্রতীক নয়, এটি মানুষকে বাঁচানোর সংগ্রামের প্রতীক।’


তিনি আরও বলেন, ‘যে রাজনীতি মানুষের ঘরে অশান্তি আনে, সেই রাজনীতি আমরা করতে চাই না। আমরা চাই শান্তির রাজনীতি, উন্নয়নের রাজনীতি। যদি আপনারা আমাকে সমর্থন দেন, জনগণের ভোটে আমি নির্বাচিত হই, তাহলে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার গ্রামগুলোকে কৃষি, শিক্ষা ও সড়ক অবকাঠামোয় আলাদা মানচিত্রে নিয়ে যেতে চাই।’


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গেও কথা বলেন শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, ‘আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা কামনায় দল-মত নির্বিশেষ সবাই দোয়া করছেন। আজ আমরা যে পরিবর্তনের পথে হাঁটছি, তিনি সেই রাজনীতির অনুপ্রেরণা। তাঁর জন্য আপনাদের দোয়া ও ভালোবাসা আমাদের আন্দোলনকে আরও শক্তি দেবে।’


অবশেষে তিনি নেতা-কর্মীদের উদ্দেশে আহ্বান জানান, ‘নির্বাচন ঘনিয়ে এসেছে। নিজেদের মধ্যে বিভেদ নয়, ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। ধৈর্য্য, শৃঙ্খলা আর ভোটারদের কাছে পৌঁছানোর মনোভাব, এই তিনটিই আমাদের বিজয়ের চাবিকাঠি।’


এসময় শরীফুজ্জামান শরীফের সাথে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, যুগ্ম সম্পাদক শফিউল হক সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ, যুবদল নেতা আমানুল্লাহ বাবুল, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি মোখলেসুর রহমান জোয়ার্দার কমল, আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী বাবু, নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, সিনিয়র সহসভাপতি অহিমুদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক একদুল মেম্বার, যুবদল নেতা আলমগীর, রাসেল আহমেদ, নাগদাহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিয়াম আহমেদ, সাধারণ সম্পাদক মিথুন, রাজিবসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় দীর্ঘ ২৫ বছর পর আদালতের রায়ে পৈত্রিক জমি ফিরে পেল পরিবার