চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৬ আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। ২০৪ জন আইনজীবী পছন্দের প্রার্থীদের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবেন। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ১৫টি পদের জন্য গত ২ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে ১৬ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত প্রার্থী তালিকায় সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আলহাজ্ব মারুফ সারোয়ার বাবু, ফোরামের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের প্রার্থী আলহাজ্ব মোসলেম উদ্দীন এবং স্বতন্ত্র প্রার্থী আকরাম হোসেন।
সাধারণ সম্পাদক পদে বর্তমানে চার প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আহসান আলী, ফোরামের বিদ্রোহী প্রার্থী খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার), জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের প্রার্থী আসাদুজ্জামান আসাদ ও স্বতন্ত্র প্রার্থী আনছার আলী। আর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মোসলেম উদ্দীন (২)।
নির্বাচনে সহসভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী হিসেবে আলহাজ্ব সিরাজুল ইসলাম ও আব্দুল্লা-আল-মামুন, জামায়াত সমর্থিত প্রার্থী মোর্তজান হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আকসিজুল ইসলাম রতন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আফরুজা আক্তার ও মসিউর রহমান পারভেজ এবং জাময়াত সমর্থিত হারুনুর রশিদ বাবলু প্রতিদ্বন্দ্বিতা করছেন। গ্রন্থাগার সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী রুবিনা পারভীন রুমা ও জামায়াত সমর্থিত প্রার্থী আমজাদ আলী শাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী ফরজ আলী, রাগিব হাসান, আশিকুর রহমান রাজ, মো. আক্তারুজ্জামান, শরিফুল ইসলাম (২) ও তানভীর আহমদ শাওন এবং জামায়াত সমর্থিত প্রার্থী হাসিবুল ইসলাম ইব্রাহিম, মুহাম্মদ ইকরামুল হক, সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ ও বেলাল হোসাইন বাদল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ নির্বাচনে কোষাধ্যক্ষ পদে এস.এন.এ হাশেমী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আতিয়ার রহমান (২) একমাত্র প্রার্থী হওয়ায় এ দুজন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক হিসেবে আলহাজ্ব শহিদুল হক, সদস্য হিসেবে হানিফ উদ্দিন ও ছরোয়ার হোসেন দায়িত্ব পালন করছেন।
সমীকরণ প্রতিবেদক