মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার কালিদাসপুরে জনমত তৈরিতে মাঠে বিএনপি প্রার্থী শরীফুজ্জামান

গণতন্ত্র ও অধিকার ফেরাতে ধানের শীষে ভোট দিন
  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২৫ ইং
আলমডাঙ্গার কালিদাসপুরে জনমত তৈরিতে মাঠে বিএনপি প্রার্থী শরীফুজ্জামান

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন। নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতা শুরুর আগেই তাঁর এই গণসংযোগ এলাকাজুড়ে নির্বাচনমুখী পরিবেশকে আরও উষ্ণ করে তুলেছে। গতকাল শুক্রবার বিকেল চারটা বাজতেই কালিদাসপুর রেলগেট এলাকায় শুরু হয় তাঁর গণসংযোগ। কর্মী-সমর্থকেরা হাতে ধানের শীষের প্রতীকযুক্ত ব্যানার, পোস্টার ও লিফলেট নিয়ে গণসংযোগে বের হন। শরীফুজ্জামান শরীফ পথচলা শুরু করলে আশপাশের দোকানপাট, বাড়িঘর থেকে মানুষ নেমে এসে তাঁকে শুভেচ্ছা জানান। যুবসমাজ থেকে শুরু করে প্রবীণ ভোটার- সকলের মধ্যেই দেখা গেছে কৌতূহল, উচ্ছ্বাস ও প্রত্যাশা।


কালিদাসপুর রেলগেট থেকে শুরু হওয়া এই গণসংযোগ একে একে পৌঁছায় পারকুলা, পাইকপাড়া, জগন্নাথপুর ও মনকষাই গ্রামে। ছোট ছোট পথসভায় তিনি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন, খোঁজ নেন এলাকার উন্নয়ন-চাহিদার। গ্রাম্য পথের দুই পাশে শিশুদের হাত নেড়ে শুভেচ্ছা, নারীদের জানালা-দরজা থেকে উঁকি, সব মিলিয়ে প্রচারণা এলাকা যেন পরিণত হয় এক ছোটখাটো নির্বাচনী উৎসবে। রেলগেট থেকে মনকষাই পর্যন্ত যাত্রাপথে বারবারই শোনা যায় একটি স্লোগান- ‘ধানের শীষে ভোট দিন, পরিবর্তনের পথ দিন।’ 



এক পথসভায় শরীফুজ্জামান শরীফ স্থানীয় জনগণের উদ্দেশে বলেন, ‘ভাই ও বোনেরা, এই মাটিই আমার শক্তি, এই মানুষই আমার সাহস। আপনাদের ভালোবাসা, আপনাদের হাসিমুখ- এসবই আমাকে এগিয়ে যেতে পথ দেখায়। আজকে যে পরিবর্তনের কথা বলছি, সেটা কোনো দলের ব্যক্তিগত স্বপ্ন নয়; এটা চুয়াডাঙ্গার প্রতিটি পরিবারের স্বপ্ন। এই এলাকার কৃষক, শ্রমিক, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী, সবার জীবনযুদ্ধে যে হাঁপিয়ে ওঠা, তা আমি প্রতিদিন অনুভব করি। আমরা রাজনীতি করি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটাধিকার রক্ষার জন্য। দেশের গণতন্ত্রকে শিকড় থেকে শক্তিশালী করার জন্য। আপনাদের সন্তান যেন নিরাপদ পরিবেশে বড় হতে পারে, শিক্ষিত হতে পারে, এই দায়িত্ব আমি নিতে চাই।’
তিনি আরও বলেন, ‘ধানের শীষ শুধু একটি প্রতীক নয়; এটি মানুষের আশা, মানুষের মুক্তির প্রতীক। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, নির্বাচনের দিন ধানের শীষে একটি করে ভোট দিন। আপনারা যে বিশ্বাস দেখাবেন, আমি তার মর্যাদা রাখব। চুয়াডাঙ্গার রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, যুবশিক্ষা- সব ক্ষেত্রে আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করব। আপনাদের একটি ভোটই পারে আমাদের ভবিষ্যৎকে বদলে দিতে, পারে চুয়াডাঙ্গাকে নতুন পথে এগিয়ে নিতে। তাই বলছি- ধানের শীষে ভোট দিন, দেশের গণতন্ত্রকে বাঁচান, নিজের অধিকার ফিরিয়ে আনুন।’


বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের অধিকার, ভোটের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য। চুয়াডাঙ্গাবাসীর প্রত্যাশা, তাদের সন্তানের ভবিষ্যৎ আজ যেন নিরাপদ হয়- এই আকাক্সক্ষা পূরণেই আমরা মাঠে নেমেছি। আপনারা যদি ধানের শীষে একটি করে ভোট দেন, আমি আপনাদের পরিবারের প্রতিটি সদস্যের নিরাপত্তা, উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকারের বিষয়ে দায়িত্ব নিয়ে কাজ করব।’


এসময় শরীফুজ্জামান শরীফের সাথে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হোসেন, সিনিয়র সহসভাপতি বাবলুর হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লালন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, শফিকুল হক সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, গোলাম শাহারিয়া বিপ্লব, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, সহ-সাংগঠনিক উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, কলেজ ছাত্রদলের সদস্যসচিব লিমনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় ঈদ কেনাকাটায় প্রাণচাঞ্চল্য, জমজমাট মার্কেটগুলো