সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলার মসজিদগুলোতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর এ দোয়ার আয়োজন করা হয়। এসব দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ দল-মত নির্বিশেষে সাধারণ মুসল্লিরা অংশ নেন। দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এদিন আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের পারদুর্গাপুর মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে দোয়া মাহফিলে অংশ নেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
এর আগে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শুক্রবার বিএনপির পক্ষ থেকে সারাদেশে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন সাবেক এ প্রধানমন্ত্রী। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এদিকে, দর্শনায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দর্শনা পৌর বিএনপির একাংশের কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মালেক মণ্ডল। অনুষ্ঠানে বক্তব্য দেন দর্শনা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সমন্বয়ক ইকবাল হোসেন।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি দেশের মানুষের মায়ের মতো আশ্রয়স্থল। নানা নির্যাতন, কারাবাস ও বাধা সত্ত্বেও তিনি দেশের মানুষের কথা ভেবে বিদেশে যাননি। নিজের কষ্ট ও চিকিৎসার অভাব সহ্য করেও দেশের মাটি ছাড়েননি- এটাই তাঁর আপসহীন নেতৃত্বের পরিচয়।’ দোয়া পরিচালনা করেন দর্শনা পুরাতন বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল ইসলাম। এছাড়া পৌরসভার বিভিন্ন মসজিদেও বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুবদল নেতা আপু, বিএনপি নেতা আব্দুল জলিল, শাহাজাহান আলী, আরিফ, রবিউল ইসলাম হেবা এবং বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন।
নিজস্ব প্রতিবেদক