চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদে যৌন হয়রানি, ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ ও ধর্মীয় উগ্রবাদ, কিশোর গ্যাং, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বেগমপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর হতে প্রস্তুত। যেকোনো মূল্যে এই জেলার মানুষকে ভালো রাখতে হবে। রাস্তায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। লাইন্সেসবিহীন গাড়ি রাস্তায় চালালে এবার থেকে শুধু জরিমানা করা হবে না, প্রয়োজনে জেল দেওয়া হবে। এছাড়া যৌন হয়রানি, ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ ও ধর্মীয় উগ্রবাদ, কিশোর গ্যাং, দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরন করা হবে।
মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় জেলা প্রশাসক উপস্থিত সকলের কাছ থেকে বেগমপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন নাগরিক সেবা সম্পর্কে মতামত নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশাবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমির মোশাররফ হোসেন, সেক্রেটারী শাহিন হোসেন, হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান প্রমুখ।
প্রতিবেদক হিজলগাড়ি