জীবননগর উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জীবননগর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আল-আমীনের সভাপতিত্বে সভায় উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি বলেন, ‘বাড়ির কাছে গ্রাম আদালত, কেন হাঁটিব দূরের পথ’ এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে আমরা সবাই গ্রাম আদালত নিয়ে কাজ করছি। একজন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ গ্রাম আদালতে আবেদন করে কোনো উকিল নিয়োগ ও ঝামেলা ছাড়াই আইনের সেবা পায়। গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলে একটি বিরোধ হতে আরেকটি বিরোধ তৈরি হয় না। আইনের সেবা প্রদানে চেয়ারম্যানদের আরও স্বচ্ছ ও নিরপেক্ষ থাকতে হবে। উচ্চ আদালতের মামলা জট কমাতে চেয়ারম্যানদের নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, গ্রাম আদালতের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ ছোট খাটো বিরোধ অল্প খরচে এবং অতিদ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব। গ্রাম আদালতের এক্তিয়ারভুক্ত মামলা গ্রহণে সচেতন হওয়া ও মামলা দ্রুত নিষ্পত্তি করতে ইউপি চেয়ারম্যানদের পরামর্শ প্রদান করেন। এছাড়া উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও গ্রাম আদালত কার্যক্রম পর্যবেক্ষণ করার অনুরোধ করেন।
প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শিশির চৌকিদারের সঞ্চালনায় সমন্বয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, কমিটির সদস্য জীবননগর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান/ইউপি প্রশাসক, গণমাধ্যমকর্মীসহ উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
জীবননগর অফিস