আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়ায় প্রবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় ভাংবাড়ীয়া উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে ভাংবাড়ীয়া ফুটবল একাডেমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ভাংবাড়ীয়ার এই প্রবাসী ফুটবল টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি তরুণদের উচ্ছ্বাস, একতা ও ইতিবাচক পথে এগিয়ে যাওয়ার প্রতীক। আমাদের তরুণরা যখন মাঠে দাঁড়ায়, তখন তারা মাদক, সন্ত্রাস ও অনৈতিক প্রবণতা থেকে দূরে থাকে। খেলাধুলা সমাজকে একত্রিত করে, আর উন্নত বাংলাদেশ গড়তে এই ঐক্যই সবচেয়ে বড় শক্তি।’
তিনি আরও বলেন, ‘আজ আমি এখানকার মানুষের মধ্যে যে উচ্ছ্বাস দেখছি, তা আমাকে প্রমাণ করে- পরিবর্তন চাই, উন্নয়ন চাই, ন্যায় চাই। বিএনপি সব সময়ই খেলাধুলা, শিক্ষা ও তরুণদের অগ্রগতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমান সুযোগের বাংলাদেশ গড়তে ধানের শীষই জনগণের ভরসার প্রতীক।’
শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আপনাদের ভালোবাসা, সমর্থন ও আস্থা নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি- আপনাদের সঙ্গে নিয়ে, আপনাদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আমরা এই অঞ্চলসহ পুরো চুয়াডাঙ্গার উন্নয়নে কাজ করব। ধানের শীষের পক্ষে আপনাদের সমর্থন শুধু একটি প্রতীকের জন্য নয়- এটি পরিবর্তন, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এক দৃঢ় পদক্ষেপ। এই টুর্নামেন্ট সফল হোক, ভাংবাড়ীয়ার তরুণরা আরও এগিয়ে যাক-এই কামনা করছি।’
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নুরুল হুদা ডিউক, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি), ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান ও সাধারণ সম্পাদক আতাউল হুদা।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর একাদশ বনাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার মৌমারী ফুটবল একাডেমি অংশ নেয়। খেলায় সর্বশেষ ফলাফল পাঁচকমলাপুর একাদশ টাইব্রেকারে ৪-৩ গোল জয়লাভ করে।
নিজস্ব প্রতিবেদক