আলমডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিপন বিশ্বাস (৫১) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত সাড়ে ৮টায় আলমডাঙ্গা দারুস সালাম মাদ্রাসা মাঠে মরহুমের বড় ছেলের ইমামতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমের জানাজায় অংশ নিয়ে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘গত কয়েকদিন ধরে আমার দলের প্রিয় বেশ কয়েকজনের মৃত্যুতে আমি দিশেহারা হয়ে পড়েছি। সোমবার নাগদাহ যুবদল নেতা রাজু ও আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব কনক মারা গেছে। এই দারুস সালাম মাঠে কনকের জানাজা অনুষ্ঠিত হয়েছিল। আজ আবার একই মাঠে আমার নিকটতম আত্মীয় ও পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি লিপন বিশ্বাসের জানাজা পড়তে হচ্ছে। ২০১৮ সালের সংসদ নির্বাচনের সময় লিপন আমার নির্বাচীন কাজ করার কারণে তৎকালীন আওয়ামী লীগের পান্ডারা তার দোকান ভেঙে দিয়েছিল, আমার পোষ্টার পুড়িয়ে দিয়েছিল। এবার যখন নির্বাচন করতে এসেছি, তখন লিপন আমাদের ছেড়ে পরপারে চলে গেল। আমি আপনাদের কাছে শুধু এইটুকু অনুরোধ করছি, আপনারা সকলে লিপনকে মাফ করে দেবেন এবং তার জন্য আল্লার কাছে দোয়া করবেন।’
মরহুমের জানাজায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাংগাঠনিক সম্পাদক গোলাম হোসেন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলমডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুল মাস্টার, যুগ্ম সম্পাদক মিলন, সাংগঠনিক সম্পাদক খন্দকার কাজী সাচ্চু, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল, সদস্যসচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক চৌধুরী আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দীন মোল্লা ,যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি হাসিবুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকারিয়া হোসেন শান্ত, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিংকু, সদস্যসচিব তন্ময় আহমেদসহ স্থানীয় অসংখ্য মুসল্লি।
নিজস্ব প্রতিবেদক