ব্যবসায়ীদের সাথে নিয়ে অসমাপ্ত সকল উন্নয়নকাজ সম্পন্ন করা হবে
- আপলোড তারিখঃ
১০-১১-২০১৭
ইং
চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির নব নির্বাচিতদের সাথে মতবিনিময়কালে হুইপ ছেলুন এমপি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ব্যবসায়ীদেরকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব সরকার। তাই ব্যবসায়ীদের সাথে নিয়েই পর্যায়ক্রমে চুয়াডাঙ্গার সব উন্নয়ন করা হবে।’ তিনি আরও বলেন, রাজনৈতিক ভাবে আমাদের অনেকের মধ্যে বিভাজন থাকতে পারে, তবে চুয়াডাঙ্গার উন্নয়নে আমরা সবাই এক এবং অভিন্ন। দোকান মালিক সমিতি একটি অরাজনৈতিক সংগঠন উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ী সংগঠনের মধ্যে কোনো রাজনীতি থাকা ঠিক নয়। তাহলে উন্নয়ন বাঁধাগ্রস্ত হবে। চুয়াডাঙ্গার উন্নয়নের ক্ষেত্রে অতীতের মত ব্যবসায়ীদের সাথে নিয়ে অসমাপ্ত সকল উন্নয়ন কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরা হয়। সংসদ সদস্য সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির নব-নির্বাচিত সভাপতি আশাদুল হক জোয়ার্দ্দার লেমন ও সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দারসহ ৫৩ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে নব-নির্বাচিত ব্যবসায়ীদের পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রতি উত্তরে সংসদ সদস্যও নির্বাচিত ব্যবসায়ী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
কমেন্ট বক্স