দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটার দিকে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লোকনাথপুর পশ্চিমপাড়ার ইনামুলের ছেলে সেলিম (১৮) ও একই গ্রামের বাসিন্দা তারিকের ছেলে তানজিল (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে দুই বন্ধু রঘুনাথপুর বাজার থেকে লোকনাথপুরে ফিরছিল। তারা কাদিপুর স্কুলের সামনে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চটকা গাছে সজোরে ধাক্কা লাগে। এতে সেলিম ঘটনাস্থলেই মারা যান। এদিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গুরুতর আহত তানজিলকে উদ্ধার করে চিৎলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে ভর্তি করার কিছুক্ষণ পরই তানজিল মৃত্যুবরণ করেন।
অপরদিকে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির বলেন, নিহত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুজনের লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। একই গ্রামের দুই তরুণের অকাল মৃত্যুতে এলাকাবাসী, স্বজন ও বন্ধুবান্ধবের মাঝে গভীর শোক নেমে এসেছে। তাঁদের দেখতে রাতেই বহু মানুষ নিহতদের বাড়িতে ভিড় করেন। রাতে জানাজা শেষে দুজনের দাফন সম্পন্ন হয়।
প্রতিবেদক দামুড়হুদা