স্বাস্থ্যসেবায় কাঠামোগত দুর্বলতা, পদোন্নতির অচলাবস্থা, পেশাগত মর্যাদাহানি ও ন্যায্য বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ৮ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) চুয়াডাঙ্গা জেলা শাখা। এ দাবির বাস্তবায়নে তারা প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের মাধ্যমে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি মোছা. রেহেনা পারভীন, সাধারণ সম্পাদক মোছা. নাজমিন আক্তার, নেত্রী মোছা. তহমিনা খাতুন এবং সাহিদা খাতুন শাঁতা জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপি প্রদানের পর আন্দোলনকারী নার্সরা শহরের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানালেও বাস্তবায়নের উদ্যোগ নেই। তাই বাধ্য হয়েই আমরা আন্দোলনে নেমেছি। দাবি পূরণ না হলে ২৫ নভেম্বর থেকে কালো ব্যাজ ধারণ, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, প্রতীকী শাটডাউন এবং পর্যায়ক্রমে ২ ডিসেম্বর থেকে দেশের সব স্বাস্থ্যসেবা ও নার্সিং-মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ শাটডাউন পালনের ঘোষণা দেন নার্সরা।
নিজস্ব প্রতিবেদক