চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা ড. তৌফিকুল ইসলাম। মাহফিলের প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন। উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, মুত্তাকীরা সমাজের পথপ্রদর্শক। ইমামদের বেতনে বৈষম্য দূর করতে হবে। তিনি আরও বলেন, ‘ক্ষমতায় যাওয়ার পর প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানি করার যে সংস্কৃতি চলে এসেছে, আমরা তা পরিবর্তন করতে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি দেব- এ অধিকার নিশ্চিত করতে হবে। ভোট চুরির রাজনীতি বন্ধ করতে চাই। অপরাধ ছাড়া কাউকে জেলে পাঠানোর পক্ষপাতী নই।’
মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির হাফেজ মাওলানা আমির হামজা। তিনি বলেন, ‘পিতা-মাতার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহর রবুবিয়াত অস্বীকার করলে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না।’ তিনি আরও বলেন, ‘মুশরিকদের কাছে আল্লাহর বিধান প্রতিষ্ঠার কথা বললে তারা রেগে যায়। বদর যুদ্ধের আগে আবু জেহেল কাবার গিলাফ ধরে সত্য দলের বিজয়ের জন্য প্রার্থনা করেছিল। শেষ পর্যন্ত আল্লাহ সত্য দলকেই বিজয় দিয়েছেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোল্লা ফারুক এহসান, বিটিভির আলোচক হুসাইন আহমেদ মাহফুজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা শাখার সভাপতি হাসানুজ্জামান সজীব, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, হাফেজ মাওলানা ইকবাল হুসাইন এবং ডিঙ্গেদহ কেন্দ্রীয় মসজিদের খতিব সজিবুল ইসলামসহ আরও অনেকে।
প্রধান সম্পাদক