রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় বিশাল নির্বাচনী মহিলা সমাবেশে মাহমুদ হাসান খান বাবু

দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা বলেন, সেটা করেন
  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২৫ ইং
কার্পাসডাঙ্গায় বিশাল নির্বাচনী মহিলা সমাবেশে মাহমুদ হাসান খান বাবু

দামুড়হুদার কার্পাসডাঙ্গা, নাটুদাহ ও দামুড়হুদা ইউনিয়নের এক অংশ এলাকা নিয়ে নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে এই মহিলা সমাবেশ শেষে জড়ানপুর ইউনিয়নে কর্মী সভায় যোগ দেন মাহমুদ হাসান খান বাবু। এসময় দামুড়হুদা উপজেলার হাজারো নেতা-কর্মী শোভাযাত্রায় ধানের শীষের স্লোগানে মুখরিত করে রাজপথ। দামুড়হুদা উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা জাহান পারুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার আজকে ৫৪ বছর। এই ৫৪ বছর পর ওনারা (জামায়াত) এসে চিন্তা করছেন, নারীদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। আমাদের দলের জন্মের পর থেকেই আমরা নারী নেতৃত্ব নিয়ে কাজ করছি। এবং আমাদের দলের নেতৃত্ব দিচ্ছেন একজন নারী। ভাইয়েরা-বোনেরা, কিছু মানুষ আছে সুযোগ সন্ধানী, সুবিধাবাদী। তারা সুযোগ বুঝে বিভ্রান্ত করবে, করে তাদের প্রাপ্যটা নিয়ে যাবে মানে আপনাদের মূল্যবান ভোটটা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ভুলে যাবে।’


জেলা বিএনপির সভাপতি আরও বলেন, ‘একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। তারা বলে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে। তাদের এতদিনের বয়ান ছিল এটা। কয়েকদিন আগে তাদের বয়ানের পরিবর্তন হয়েছে। এখন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান এই ধর্মাবলম্বী যারা আছেন, তাদের সম্পৃক্ত করবেন তাদের নমিনেশনে। তাদের মনোগ্রাম তারা পরিবর্তন করেছে। কেন? উদ্দেশ্য একটায়, নারীদের ভোট পাওয়ার জন্য, বোনদের ভোট পাওয়ার জন্য।’
বাবু খান বলেন, ‘আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা বলেন, সেটা করেন। অতীতে যেটা বলেছেন, সেটা করেছেন। এবং আমাদের নেতা তারেক রহমান একই কাজ করবেন। আমরা যেটা বলি, সেটা করি। আমরা যেটা বিশ্বাস করি, সেটা বলি। আমরা এমন কিছু বলি না, যেটা বাস্তবায়ন যোগ্য না।’ এসময় বিএনপির ৩১ দফার কথা তুলে ধরেন মাহমুদ হাসান খান বাবু।


চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী আরও বলেন, ‘আপনার রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া হবে, তার জন্য আমরা সংগ্রাম করেছি। কীভাবে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া হবে? প্রতি ৫ বছর পর পর আপনি আপনার ভোট প্রয়োগ করতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি ভোট দিতে পারবেন। আপনি এবার যাদের ভোট দেবেন, যদি তাদের কার্যক্রম পছন্দ না হয়, তাহলে ৫ বছর পর আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে অন্য কাউকে ভোট দেবেন। এতে আপনার মালিকানা আপনার কাছে থাকল। সেই মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের মা জননী বেগম খালেদা জিয়া বারবার মৃত্যু মুখে পতিত হওয়ার পরও কোনো আপস করেননি।’


এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিলটন, চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভানেত্রী রউফুল নাহার রীনা, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টু ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল।


আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ইকরামুল হক, উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা জাহান পারুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত