চুয়াডাঙ্গার সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত পাখিভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে রোমেলা খাতুন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলুকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামের মৃত রাজু আহমেদের স্ত্রী মোছা. পারভীনা খাতুন (৪৫) এবং একই গ্রামের আব্দুর রহমানের ছেলে পাখিভ্যানচালক রমজান আলী (৪২)। আহতরা হলেন- পারভীনার পুত্রবধূ আনিকা (১৮) এবং রাজাপুরের খলিলুর রহমানের মেয়ে ইসরাত (২৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে ভালাইপুরগামী পাখিভ্যানটি স্কুলের সামনে পৌঁছালে দৌলতদিয়াড়ের দিক থেকে আসা একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। এতে পাখিভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান পারভীনা খাতুন। আহতদের উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জাহান জেসি জানান, গুরুতর আহত তিনজনকে ভর্তি করা হয়। পরে আনিকা ও পাখিভ্যান চালক রমজানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। ইসরাতকে মহিলা সার্জারি ওয়ার্ডে রাখা হয়েছে। তবে ঢাকায় নেওয়ার পথে সরোজগঞ্জ এলাকায় পৌঁছালে রমজান আলী মারা যান বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। নিহত পারভীনা খাতুনের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘দুইজনের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
প্রধান সম্পাদক