চুয়াডাঙ্গা পৌর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তিন কিশোর আহত হয়েছে। গতকাল রোববার বেলা একটার দিকে শহরের মুক্তিপাড়ার জজবাড়ি সংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বড় বাজার পাড়ার সুমন হোসেনের ছেলে প্রিন্স (১৮), শেখপাড়ার উত্তমের ছেলে অমিত (১৬) এবং মাঝেরপাড়ার ওমর আলীর ছেলে তন্ময় (২০)। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে ভ্যানযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জাহান জেসি জানান, তিনজনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাত ছিল। গুরুতর আহত প্রিন্সকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। অমিতকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং তন্ময়কে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভিক্টোরিয়া জুবিলি (ভি জে) সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, স্কুলের সামনে দাঁড়ানো নিয়ে বন্ধুদের মধ্যে ঝামেলা হলে তাদের এক বন্ধুকে মারধর করা হয়। পরে স্কুলের সাবেক শিক্ষার্থী প্রিন্স বিষয়টি জানতে চাইলে তাকে ডেকে এনে কোপানো হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘ঘটনা সম্পর্কে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রধান সম্পাদক