সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার হুলিয়ামারী গ্রামে পাখি শিকারিদের বিরুদ্ধে পদক্ষেপ

দুই পাখি শিকারি আটক, জাল-সরঞ্জাম ধ্বংস
  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গার হুলিয়ামারী গ্রামে পাখি শিকারিদের বিরুদ্ধে পদক্ষেপ

প্রকৃতির এক অপার সৌন্দর্যের নাম পাখি। শীতের শুরুতেই রঙ-বেরঙের নানা প্রজাতির পাখি আকাশে ও জলাশয়ে বিচরণ করে, যা মানুষের মনে এনে দেয় প্রশান্তি। কিন্তু কিছু অসাধু শিকারির কারণে এই সৌন্দর্য আজ হুমকির মুখে। চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের হুলিয়ামারী গ্রামের পূর্বপাড়া মাঠে গতকাল বেলা তিনটার দিকে কয়েকজন পাখি শিকারি জাল ও সরঞ্জাম নিয়ে অবস্থান নেয়। খবরটি পৌঁছায় বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি এবং বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যার প্রভাষক আহসান হাবীব শিপলুর কাছে।


সংগঠনের অন্যান্য সদস্যকে নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে দুই শিকারিকে আটক করেন। পরে বিষয়টি সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা জনাব রেজাউল আলমকে জানানো হয়। তার নির্দেশে শিকারিদের কাছ থেকে জব্দ করা জাল ও সরঞ্জাম আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। আটককৃতরা হলেন- জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের দেহাটি সরদার পাড়ার অনিকের ছেলে সন্তোষ কুমার (৪৫), একই এলাকার সুশীলের ছেলে জীবন (২৫)।


স্থানীয় কৃষক ও এলাকাবাসীর উপস্থিতিতে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ সম্পর্কে অবহিত করার পর তারা মুচলেকা দিয়ে জানান- ভবিষ্যতে আর কখনো পাখি শিকার করবে না এবং অন্যদেরও এমন কাজে নিরুৎসাহিত করবে।


আহসান হাবীব শিপলু বলেন, ‘আমরা নিয়মিতভাবে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালাই। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছি। জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে পাখি রক্ষায় এগিয়ে আসতে হবে।’


এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য হাসানুজ্জামান রিগান, তামিম, জিসান শেখ, শাহাবুল, ইয়াসিন, নিরব আলী, আজিজ, মনিসহ স্থানীয় বাসিন্দারা। সবাই সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করেন।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় দীর্ঘ ২৫ বছর পর আদালতের রায়ে পৈত্রিক জমি ফিরে পেল পরিবার