চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ নির্বাচনী প্রচারণার মাধ্যমে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের প্রতিটি কোণে পৌঁছানোর জন্য নিবিড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। গতকাল শনিবার বেলা ১১টায় ভাংবাড়িয়া ইউনিয়নে খোরদ ৭ নম্বর ওয়ার্ড থেকে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করেন তিনি। খোরদ থেকে শুরু করে শরীফুজ্জামান শরীফ ইউনিয়নটির ভোগাইল বগাদী এবং মহেশপুর গ্রামসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিবিড় গণসংযোগ ও পথসভা চালান। এই ইউনিয়নটি সাংগঠনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় স্থানীয় নেতৃবৃন্দ ও সাবেক জনপ্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পথে পথে বিপুল সংখ্যক জনগণ প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং তাদের দুঃখের কথা জানাতে ভিড় করেন। জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, তারা এখন পরিবর্তন ও অধিকার ফিরে পাওয়ার জন্য প্রস্তুত।
পথসভায় প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফ সাধারণ মানুষ এবং উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দেন। তিনি জনগণের অধিকার পুনরুদ্ধার এবং ৩১ দফার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরে বলেন, ‘আমার ভাংবাড়িয়া ইউনিয়নের সংগ্রামী ভাই ও বোনেরা, খোরদ থেকে মহেশপুর পর্যন্ত আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে, চুয়াডাঙ্গায় ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আপনারা জানেন, এই ভোট কোনো প্রতীক বা ব্যক্তি পরিবর্তনের ভোট নয়, এটি আপনাদের “গণতান্ত্রিক অধিকার” ফিরিয়ে আনার ভোট। প্রশাসন বা অন্য কোনো শক্তির ভয়কে জয় করে আপনারা অবশ্যই ভোটের মাঠে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবেন।’
তিনি বলেন, ‘আমরা জানি, বর্তমান সরকারের অপশাসনে কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে না, যুবকেরা বেকার এবং দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। আমাদের নেতা তারেক রহমান সেই কারণেই আপনাদের মুক্তির জন্য ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা দিয়েছেন। এই রূপরেখা আপনাদের অর্থনৈতিক ও সামাজিকমুক্তির দলিল। ৩১ দফায় আমরা অঙ্গীকার করেছি- কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা হবে, এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে, যাতে কেউ অন্যায়ভাবে সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার করতে না পারে।’
শরীফুজ্জামান আরও বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি- আপনাদের এই ত্যাগ কোনো দিন বৃথা যাবে না। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে ভোট দিন। আমি আপনাদের সেবক হিসেবে পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। ইনশাআল্লাহ, চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের বিজয় হবেই।’
গণসংযোগকালে শরীফুজ্জামান শরীফের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার জাহান ঝণ্টু, হাফিজ উদ্দিন হাবলু, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ হোসেন, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সাধারণ সম্পাদক আতাউল হুদা, যুগ্ম সম্পাদক তুহিন হুদা, সাংগঠনিক আব্দুল মাবুদ, যুবদল নেতা সেলিম, আবুজার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন, এবং সাধারণ সম্পাদক আসিফ হুদাসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
নিজস্ব প্রতিবেদক